ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরাব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে সাবেক অধিনায়ক শোয়েব মালিকের খেলা যাচাই করে দেখা হবে। জিম্বাবুয়ে সফরে ভালো খেলতে পারেননি বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
জিম্বাবুয়ে সফরে তিনি তিনটি একদিনের ও দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। কিন্তু ব্যাট কিংবা বল হাতে কারো নজর কাড়তে পারেননি। এ জন্য কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতেও তার দেরি হচ্ছে।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য উমর আকমলের চেয়ে এগিয়ে আছেন মালিকই।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, জিম্বাবুয়েতে তিনি ভালো খেলতে পারেননি। তাই এবার তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে।
"লোকজন বলাবলি করছেন, অচিরেই অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তবে সব কিছুই নির্ভর করছে তার খেলার ওপর," যোগ করেন তিনি।
দলে জায়গা পাওয়ার জন্য খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে বলে উল্লেখ করে কর্মকর্তা বলেন, "দলে জায়গা ধরে রাখার জন্য সাবেক অধিনাককে ভালো খেলতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৩ ঘ.
bdnews24