২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চোকার' অপবাদ ঘোচাতে কৌশল প্রয়োজন: কারস্টেন

চাপের মুখে ভেঙ্গে পড়ার অপবাদে অনেক দিন ধরেই 'চোকার' বিশেষণটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সঙ্গী। দক্ষিণ আফ্রিকার নতুন কোচ গ্যারি কারস্টেন মনে করেন সঠিক সময়ে সঠিক কৌশল প্রয়োগ করতে পারলে যে কোনো চাপ জয় করা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাপের মুখে ভেঙ্গে পড়ার অপবাদে অনেক দিন ধরেই 'চোকার' বিশেষণটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সঙ্গী। দক্ষিণ আফ্রিকার নতুন কোচ গ্যারি কারস্টেন মনে করেন সঠিক সময়ে সঠিক কৌশল প্রয়োগ করতে পারলে যে কোনো চাপ জয় করা সম্ভব। ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও অস্ট্রেলিয়ার সঙ্গে টাই করেছিল দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে দুদলের রান সমান হলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুবাদে ফাইনালে উঠেছিলো অস্ট্রেলিয়াই। ২০০৩ বিশ্বকাপে স্বাগতিক হয়েও গ্র"প পর্বের বাধা পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পরের বিশ্বকাপে আবার তারা অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে যায়। ২০১১ বিশ্বকাপে আবারো দক্ষিণ আফ্রিকা ব্যর্থ। গ্র"প চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ আটের লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হেরে যায় গ্রায়েম স্মিথের দল। গত বিশ্বকাপে কারস্টেন ছিলেন ভারতের কোচ। বিশ্বকাপ জেতার পরপরই ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর গত জুনে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নেন। ভারতের পক্ষে দুর্দান্ত সাফল্য পাওয়ার জন্যই চাপে ভেঙ্গে পড়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন কারস্টেন। সমস্যার সমাধান হিসেবে কৌশলের সুষ্ঠু প্রয়োগের ওপরেই জোর দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান। এ প্রসঙ্গে কারস্টেন বলেন, "এটি (চাপে ভেঙ্গে পড়া) কোনো সমস্যা নয় এবং এর অস্তিত্ত্ব নেই ভাবলে ভুলই হবে। অনেক দিন ধরেই আমাদের সমস্যাটার মোকাবিলা করতে হচ্ছে। মাঝে মাঝে তো এটা ভয়ের কারণও হয়ে দাঁড়ায়। এ থেকে উত্তরণের পথ হিসেবে আমাদের সঠিক কৌশল বেছে নেয়া দরকার।" "চাতুর্য এবং দক্ষতার সঙ্গে সমস্যার সমাধান করতে হবে। এ ব্যাপারে আমাদের গুরুত্বের সঙ্গে চিন্তা- ভাবনা করতে হবে। কঠিন সময়ে বিকল্প পথ খুঁজে বের করে সঠিক কৌশল প্রয়োগের মাধ্যমে তা থেকে বেরিয়ে আসতে হবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯১৫ঘ.