২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন গ্রাহাম ডিলি

চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার গ্রাহাম ডিলি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫২ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার গ্রাহাম ডিলি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫২ বছর। ইংল্যান্ডের হয়ে ৪১টি টেস্ট ও ৩৬টি ওয়ানডে খেলেছেন ডিলি। টেস্টে ২৯.৭৮ গড়ে নিয়েছেন ১৩৮টি উইকেট। যদিও ডিলি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবেন বোলিংয়ের পাশাপাশি তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য। ১৯৮১ সালে হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইয়ান বোথামের সঙ্গে ১১৭ রানের জুটি গড়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন ডিলি। ঐ জুটিতে তার অবদান ছিলো ৫৬ রান। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে মাত্র দুটি টেস্টে জয়ের মধুর স্বাদ পেয়েছিলেন ডিলি। ঐ দুই টেস্টেই ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। হেডিংলির নাটকীয় জয় ছাড়া অন্য জয়টিও অ্যাশেজেই, ১৯৮৬-৮৭ মৌসুমে। ব্রিসবেনে ৬৮ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুঁড়িয়ে দেন তিনি। ঐ ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ডিলির মৃত্যুতে শোকাহত বোথাম স্কাই স্পোর্টস নিউজকে বলেন, "আমি তার সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। তার রসিকতা বোধ ছিলো দারুণ। যদিও পরিচয়ের আগ পর্যন্ত তিনি একটু চুপচাই থাকতেন। এই দিনটা ভীষণ দুঃখের দিন হয়ে থাকবে আমার জীবনে।" ১৯৯২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ডিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১০ঘ.