২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ

ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে। মঙ্গলবার টুর্নামেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে। মঙ্গলবার টুর্নামেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সভায় লিগ শুরুর দিনক্ষণ ছাড়াও আরো কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতবারের মতো এবারো সবগুলো খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। এবার অবশ্য দলের সংখ্যা বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সঙ্গে জাতীয় লিগে যোগ দিচ্ছে রংপুর বিভাগ ও ঢাকা মহানগর। ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের দল গড়বেন জাতীয় নির্বাচকরা। আর বিভাগীয় দল গড়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের কোচের কাঁধে। এছাড়া জাতীয় নির্বাচকদের ৩২ জন 'আইকন' খেলোয়াড়ও বেছে নিতে হবে। জাতীয় দল ও 'এ' দলের ভেতর থেকে এই ৩২ জনকে বেছে নেয়া হবে। প্রত্যেক দল সর্বোচ্চ চারজন 'আইকন' খেলোয়াড় রাখতে পারবে। একজন বিদেশী খেলোয়াড় নেয়ারও সুযোগ থাকছে এবার। তবে তিনজনের বেশি বিদেশী খেলোয়াড় রেজিষ্ট্রেশন করানো যাবে না। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক। তবে লিগ চলার সময় আন্তর্জাতিক খেলা থাকলে ক্রিকেটারদের ছাড় দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১০৩ঘ.