২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ দলের সহজ জয়

সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লাল দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ দল। লক্ষ্যে পৌঁছানোর সময় তাদের হাতে ছিলো ১৯ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লাল দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ দল। লক্ষ্যে পৌঁছানোর সময় তাদের হাতে ছিলো ১৯ বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে থাকা ১৪ জনের মধ্যে সবুজ দলের হয়ে খেলেছেন শুধু অলক কাপালী। জ্বর হওয়ায় মোহাম্মদ আশরাফুল খেলতে পারেননি। বিপরীতে লাল দলে ছিলেন ১০ জন। তাতে অবশ্য লাল দলের তেমন লাভ হয়নি। যারা টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি তারাই ঔজ্জ্বল্য ছড়ালেন এই ম্যাচে। টি-টোয়েন্টি কীভাবে খেলতে হয় তাই যেন লাল দলকে শেখালেন তারা। আর তা প্রাণভরে উপভোগ করলেন খেলা দেখতে আসা প্রায় ৮ হাজার দর্শক। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৯ রান করে লাল দল। জবাবে ১৬ ওভার ৫ বলে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ১২০ ছাড়িয়ে ১২১ রানে করে সবুজ দল। লক্ষ্য তাড়া করতে নেমে সবুজ দলকে দারুণ সূচনা এনে দেন রকিবুল হাসান ও শাহরিয়ার নাফীস। উদ্বোধনী জুটিতে দলকে ৪৫ রান উপহার দেন তারা। রকিবুলকে (২৩) ফিরিয়ে দিয়ে লাল দলের পক্ষে একমাত্র উইকেট নেয়ার কৃতিত্ব আব্দুর রাজ্জাকের। রকিবুলের ১৪ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা। রকিবুলের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে আসে। অবশ্য বাজে বলে চার-ছয় তুলে নিতে সমস্যা হয়নি নাফীস ও মুমিনুল হকের। শেষ পর্যন্ত ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন তারা। ৬১ রানে অপরাজিত নাফীসের ৫৫ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও একটি ছক্কায়। দুটো করে চার ও ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন মুমিনুল। এর আগে ব্যাটিং সহায়ক পিচে লাল দলের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম ওভারেই শাহাদাত হোসেন তামিম ইকবালকে ফিরিয়ে দেন। চার মেরে শুরু করলেও নুর হোসেনকে সহজ ক্যাচ দেন তামিম (৬)। তিন নম্বরে খেলতে নামা নাঈম ইসলাম (১) শুরু থেকেই ছিলেন নড়বড়ে। শাহাদাতের বল পিঠে লাগার পর আরো গুটিয়ে যান তিনি। আলাউদ্দিন বাবুর বলে শুভাগত হোম চৌধুরীর দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন নাঈম। দলের রান তখন ২৫। রানের খাতা খোলার আগেই শাহরিয়ার নাফীসের হাতে জীবন পেলেও নিজের ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম (১০)। দলীয় ৩৯ রানে অধিনায়কের বিদায়ে আরো বিপদে পড়ে যায় লাল দল। ইমরুল কায়েসও দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। নুর হোসেন মুন্নার বলে উঠিয়ে মারতে গিয়ে দলীয় ৪৫ রানে ইমরুল (১৯) বিদায় নিলে আরো চাপে পড়ে যায় জাতীয় দল। এরপর ফিরে আসেন নাসির হোসেন (৯)। অলক কাপালীর প্রথম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ ও তানভীর হায়দার ৪৩ রানের জুটি গড়ে ভরাডুবির হাত থেকে রক্ষা করেন দলকে। শাহাদাতের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে তানভীর করেন ২৬ রান। দলের রান তখন ১০৬। তানভীরের ২৮ বলের ইনিংসে ২টি ছয় রয়েছে। শেষ পর্যন্ত মাহমুদল্লাহ ৩০ ও আব্দুর রাজ্জাক ১০ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল্লাহ তার ৩৫ বলের ইনিংসটি সাজান ২টি চার দিয়ে। সবুজ দলের পক্ষে শাহাদাত ও আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন। এ জন্য শাহাদাত ১২ ও বাবু দেন ১৪ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৬ঘ.