২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দল থেকে বাদ পড়লেন উমর আকমল

সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন উমর আকমল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 06:44 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন উমর আকমল। ১৮ অক্টোবর আবুধাবীতে শুরু হবে প্রথম টেস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ছাড়পত্র পাওয়া শোয়েব মালিক ফিরেছেন টেস্ট দলে। এর আগে জিম্বাবুয়ে সফরে দলে ছিলেন তিনি। জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকা দুই পেসার উমর গুল ও ওয়াহাব রিয়াজ ফিরেছেন দলে। দলের অন্য দুই পেসার হলেন আজিজ চিমা ও জুনায়েদ খান। দলে জায়গা হয়নি তানভির সোহেল ও তানভির আহমেদের। দলে ফিরেছেন ইমরান ফারহাত। তৃতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছেন তিনি। অন্য দুজন হলেন মোহাম্মদ হাফিজ ও তৌফিক ওমর। বিশ্রাম কাটিয়ে ফিরেছেন আব্দুর রেহমান। সাঈদ আজমলের নেতৃত্বাধীন স্পিন আক্রমণে থাকছেন তিনিও। ২০০৯ সালে টেস্টে অভিষেকের পর আর শতকের দেখা পান নি উমর আকমল। ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন ২০১০ সালে। এ সময় ২৪.৩৩ গড়ে রান করেন তিনি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দল থেকে বাদ পড়েন। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় দলে ফেরানো হয় তাকে। কিন্তু সেখানেও তেমন কিছু করতে পারেন ্িন। এ বছর তার ব্যাট থেকে এসেছে কেবল একটি অর্ধশতক। একদিনের ক্রিকেটেও অনেকদিন ধরে ভালো কোনো ইনিংস খেলতে পারছেন না তিনি। শোয়েব মালিক ও আসাদ শফিকের যে কোনো একজন খেলতে পারেন উমর আকমলের জায়গায়। দল: মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, আজহার আলী, ইউনুস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, শোয়েব মালিক, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আব্দুর রেহমান, আজিজ চিমা, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও জুনায়েদ খান। স্ট্যান্ডবাই: তানভির আহমেদ, মোহাম্মদ তালহা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও ইয়াসির শাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১০ ঘ.