২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আকরাম খান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক আকরাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক আকরাম খান। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের আকরাম বলেন, "শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে ভালো দল। তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের ক্রিকেটারদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।" বাংলাদেশ দল সম্পর্কে তিনি বলেন, "আমার মনে হচ্ছে দলে ধারাবাহিকতার একটু অভাব আছে। ভালো করতে হলে প্রথমে ধারাবাহিকতা আনতে হবে। সেই সঙ্গে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে।" "আমাদের সমস্যা হলো আমরা তিন বিভাগেই একসঙ্গে ভালো করতে পারি না। যে কোনো একটা বিভাগে আমাদের খেলোয়াড়রা খারাপ করবেই। এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে আসন্ন সিরিজে আমরা ভালো করতে পারবো," যোগ করেন তিনি। দলের ভালো প্রস্তুতি অবশ্য স্বপ্নই দেখাচ্ছে আকরামকে। তিনি বলেন, "এবার কিন্তু প্রস্তুতি বেশ ভালো হয়েছে। চারদিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে। বিসিবি কাপে একদিনের সিরিজের প্রস্তুতি হয়েছে। যারা ফাইনালে খেলেছেন তারা ৫টি করে ম্যাচ পেয়েছেন।" "তাছাড়া দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও আছে। এই খেলাগুলো থেকেও খেলোয়াড়রা প্রস্তুতি নেয়ার ভালো সুযোগ পাবেন," যোগ করেন তিনি। ব্যাটসম্যানরা রানে ফেরায় আকরামের স্বপ্নটা এখন আরো উজ্জ্বল। তিনি বলেন, "প্রস্তুতি ম্যাচগুলোয় দু-একজন ছাড়া মোটামুটি আর সবাই রান পেয়েছেন। ফলে তাদের আত্মবিশ্বাসও অনেকখানি বেড়ে গেছে।" এবার প্রস্তুতি ভালো বলে ভালো ফলের আশা করছেন আকরাম। তবে জিম্বাবুয়ে সফরের আগে দলের প্রস্তুতি ভালো ছিল না মানতে রাজি নন তিনি। এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, "দল খারাপ করলে অনেক নেতিবাচক কথা হয়। খেলোয়াড়রা কিন্তু প্রস্তুতি ভালো না হওয়ার কথা বলেননি।" "জিম্বাবুয়েতে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। বৃষ্টির কারণে প্রস্তুতি নিয়ে হয়তো কিছুটা সমস্যা হয়েছিলো। কিন্তু সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে জিম্বাবুয়েতে দল ভালো খেলেছিলো," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৪ঘ.