ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে দল দুটি। দুই দলেই রয়েছেন ১৩ জন করে ক্রিকেটার।
একই মাঠে রোববার সকাল নয়টায় লাল ও দুপুর দুইটায় সবুজ দল অনুশীলন করবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের জন্য ডাক পাওয়া এগারো জন ক্রিকেটার রয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন লাল দলে।
এছাড়া জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির তানভির হায়দার ও মুমিনুল হকও লাল দলে ডাক পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে থাকা শাহরিয়ার নাফীসের নেতৃত্বে খেলবে সবুজ দল। একদিনের সিরিজের জন্য বিবেচনা করা শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন ও সোহরাওয়ার্দী শুভও রয়েছেন সবুজ দলে।
শক্তি বাড়াতে সবুজ দলে রাখা হয়েছে মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী ও জুনায়েদ সিদ্দিককে।
চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য ভারতে থাকা সাকিব আল হাসানকে রাখা হয়নি কোনো দলে।
লাল দল: ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্ল¬াহ রিয়াদ, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, তানভির হায়দার ও মুমিনুল হক।
সবুজ দল: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী, মোহাম্মদ আশরাফুল, সগির হোসেন, রবিউল ইসলাম, নুর হোসেন, আলাউদ্দিন বাবু, নাজমুল হোসেন অপু, জুনায়েদ সিদ্দিক ও রকিবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৩৯ ঘ.
bdnews24