ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "শচীন টেন্ডুলকার আমার বল খেলতে ভয় পেতেন," এ দাবি করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। এবার সেই বিতর্কে শুধু যোগই দিলেন না, এক ধাপ এগিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বললেন, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বোলিংয়ের সামনে টেন্ডুলকারের পা কাঁপতে দেখেছেন তিনি।
শোয়েব আখতার তার আত্মজীবনী গ্রন্থে টেন্ডুলকারকে নিয়ে এ কথা লেখায় সীমান্তের উভয় দিকে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফলে বইটির প্রকাশনা ও প্রচার-প্রচারণার জন্য আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করতে হয়।
টেন্ডুলকারকে নিয়ে আখতারের দাবি সম্পর্কে জানতে চাইলে কোনো দ্বিধা বা রাখঢাক না করে সঙ্গে সঙ্গে আফ্রিদি বলেন, "শোয়েব সত্যি কথাই বলেছেন। আসলেই টেন্ডুলকার তাকে ভয় পেতেন। ফিল্ডিং করার সময় শোয়েবের বোলিংয়ের সামনে আমি টেন্ডুলকারের পা কাঁপতে দেখেছি।"
তবে তিনি এ কথাও বলেন যে, এটি অবশ্য কোনো অস্বাভাবিক ঘটনা নয়।
তার কথায়, "ব্যাটসম্যানরা যখন চাপের মধ্যে থাকেন তখন এমনটা ঘটতে পারে। এমন কি, পাকিস্তানি অফ-স্পিনার সাঈদ আজমলের বোলিংয়ের সামনেও আমি ব্যাটসম্যানদের পা কাঁপতে দেখেছি।"
এবারের বিশ্বকাপের সেমিফাইনালের দল থেকে বাদ দেয়ার জন্য আখতার তার বইয়ে আফ্রিদিকে দায়ী করেন।
কিন্তু এ কথা মানতে রাজি নন আফ্রিদি। এ জন্য তীব্র সমালোচনা করেন তিনি আখতারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৮ ঘ.
bdnews24