ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাংকের কাছে আবারো হেরেছে মোহামেডান। শুক্রবার সুপার লিগ পর্বে গাজী ট্যাংকের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। তবে এদিন ঠিকই জয় তুলে নিয়েছে আবাহনী ও বিমান।
বগুড়ায় ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৪ উইকেটে হারায় আবাহনী। রাজশাহীতে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ১৫ রানের জয় পায় বিমান।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে (বিকেএসপি) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে গাজী ট্যাংকের তিন স্পিনারের মারাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে মোহামেডান। শেষ পর্যন্ত শোয়েব মালিকের ৪৩, নাফীস ইকবালের ৩৮ ও আজহার মেহমুদের ২৮ রানের সুবাদে ১৬৭ রান তোলে তারা। খেলেছে ৪৯ ওভার ৪ বল।
রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গাজী ট্যাংক। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা। এ অবস্থায় দলকে টেনে তোলেন নাসির। শেষ পর্যন্ত দলের জয় নিয়েই ফেরেন তিনি। ৩৮ ওভার ৫ বল খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী ট্যাংক। নাসিরের অপরাজিত ৬২ রান ছাড়াও সাব্বির ৩৯ ও অলক ৩১ রান করেন।
এদিকে বগুড়ায় প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৬৫ রান করে সিসিএস। দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন সৈকত। এছাড়া আতিক ৫৪ ও তাপস ৫২ রান করেন।
জবাবে ভারতীয় ব্যাটসম্যান রজত ভাটিয়ার ৯৭ ও মার্শল আইয়ুবের ৯৪ রানের ওপর ভর করে তিন বল বাকি রেখেই ম্যাচ জিতে যায় আবাহনী।
রাজশাহীতে জহুরুল ইসলাম অমিরের শতক (১০২) ও ইলিয়াস সানীর অর্ধশতকের সুবাদে (৫০) ৯ উইকেটে ২৩৭ রান করে বিমান।
২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২২ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএস। ফরহাদ রেজার ৮০ ও নূরুল হাসান ৪০ রান করেন।
সুপার লিগের প্রথম ম্যাচে আবাহনীকে নাটকীয়ভাবে ১ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলেছিল বিমান। ওই খেলার পর আবাহনী থেকে মোহামেডানের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছিল মাত্র ১ এ। তবে ওই ব্যবধান আর ধরে রাখতে পারল না মোহামেডান। উল্টো তাদের হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গাজী ট্যাংক। আবাহনীর ২২, গাজীর সংগ্রহ ২০ আর ১৯ পয়েন্টে থেমে রইল মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২২ ঘ.
bdnews24