২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নাফীস

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা দেশের মাটিতে হওয়ায় দর্শকদের প্রত্যাশা থাকবে নিঃসন্দেহে অনেক বেশি। তবে ওই প্রত্যাশাকে চাপ নয়, অনুপ্রেরণা হিসেবে দেখতে চান বাংলাদেশের ক্রিকেটার শাহরিয়ার নাফীস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা দেশের মাটিতে হওয়ায় দর্শকদের প্রত্যাশা থাকবে নিঃসন্দেহে অনেক বেশি। তবে ওই প্রত্যাশাকে চাপ নয়, অনুপ্রেরণা হিসেবে দেখতে চান বাংলাদেশের ক্রিকেটার শাহরিয়ার নাফীস। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্বকাপ দলের সদস্য নাফীস বলেন, প্রথম পর্ব থেকেই বিদায় নিতে চায় না বাংলাদেশ। তিনি বলেন, "আমাদের লক্ষ্য শেষ আট নিশ্চিত করা। আর নক-আউট পর্বে তো যে কোনো দলই জিততে পারে।" বিশ্বকাপ ক্রিকেটকে শুধুমাত্র আরেকটি প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করছেন নাফীস। তিনি বলেন, "প্রতিযোগিতাটি দেশের মাটিতে হওয়ায় সবাই ভালো ফল দেখতে চান। এটাকে 'চাপ' হিসেবে দেখলে অবশ্যই 'চাপ'। তবে আমরা স্বাভাবিকভাবেই বিষয়টিকে নিতে চাই। কেননা এটাই বাংলাদেশের জন্য শেষ প্রতিযোগিতা নয়।" বিশ্বকাপে নাফীসের প্রথম অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। তবে তিনি বলেন, এবার গল্পটা লিখতে চান তিনি নতুন করে। এ জন্য অবশ্য বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। খেলতে চান নিজের স্বাভাবিক খেলা। এমনিতে উদ্বোধনী ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে ৩ কিংবা ৪ নম্বরে ব্যাট করতেও তার আপত্তি নেই বলে জানান নাফীস। বলেন, নিজের জন্য নয় খেলতে চান দলের প্রয়োজনে, পরিস্থিতি অনুযায়ী। ভালো খেলে দলে জায়গা পাকা করাও তার লক্ষ্য বলে জানান নাফীস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ব্যাটসম্যানদের কাজ দায়িত্ব নিয়ে খেলে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করা। তাহলে সহজেই প্রতিপক্ষকে চেপে ধরতে পারবেন বোলাররা। বোর্ডে পর্যাপ্ত রান না থাকলে উল্টো বোলাররাই চাপে পড়ে যান।" গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার মানে ভারত। এবার ওই ভারতই বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। এ খেলা নিয়ে বাড়তি কোনো চাপের কথা স্রেফ উড়িয়ে দিলেন নাফীস। বলেন, "চাপে থাকবে ভারতই। ওই খেলায় হারার পর ভারত আমাদের সঙ্গে দু'টি সিরিজ খেলেছে। আর সিরিজ দু'টির অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ভারত আমাদের নিয়ে একটু বেশি সতর্ক থাকে।" তিনি বলেন, "প্রথম খেলায় জেতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা পরের খেলাগুলোর জন্য তা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এনআই/২০২১ ঘ.