ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বাংলাদেশ বিমান।
বগুড়ায় সুপার সিক্সের প্রথম খেলায় পয়েন্ট তালিকার শীর্ষ দল আবাহনীকে ১ উইকেটে হারিয়ে মোহামেডান, গাজী ট্যাঙ্ক ও ওল্ড ডিওএইচএসকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিয়েছে বিমান।
সুপার সিক্সের প্রায় তলানির দল বিমান টস জিতে আবাহনীকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই বিমানের বোলাররা চেপে ধরে ধানমন্ডির দলটিকে। শেষ পর্যন্ত ৪৯ ওভার ৪ বলে ১৯০ রানে গুটিয়ে যায় দলটির পালা।
দলের পক্ষে আলাউদ্দিন বাবু করেন ৫৭। এছাড়া অন্য ব্যাটসম্যানদের কেউ কোনো সুবিধা করতে পারেননি।
বিমানের পক্ষে ডলার মাহমুদ ৩ উইকেট নেন ২৯ রানে। সাইফুল হক ১৫ রানে নেন ২ উইকেট।
জেতার জন্য ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়ে বিমানও। আবাহনীর বোলারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
কিন্তু অভিষেক মিত্রর ৪২ রানের সুবাদে ২৭ বল হাতে রেখে জয়ের ঠিকানায় পৌঁছে যায় বিমান।
বাবু ৪ উইকেট নেন ৩৪ রানে। মোহাম্মদ রফিক ১৯ রানে নেন ৩ উইকেট।
পয়েন্ট তালিকা: আবাহনী ১২ খেলায় ২০, মোহামেডান ১১ খেলায় ১৭, ওল্ড ডিওএইচএস ১১ খেলায় ১৬, বিমান ১২ খেলায় ১৪ ও সিসিএস ১১ খেলায় ১২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪৮ ঘ.
bdnews24