ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট মর্যাদা পাওয়ার ১০ বছর পর অফিসিয়াল টেস্ট টুপি অবমুক্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার দশক পূর্তির দুই মাসেরও বেশি সময় পরে আয়োজিত অনুষ্ঠানে এই টুপি অবমুক্ত করা হয়।
২০০০ সালের ২৬ জুলাই ১০ম দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। ওই বছরের ১০ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামে তারা।
এ পর্যন্ত ৬৮ টেস্ট খেলে বাংলাদেশের জয় ৩টি। এর মধ্যে দেশে ও বিদেশে একটি করে টেস্ট সিরিজ জয় করেছে টাইগাররা। এ ছাড়া ৬টি ম্যাচ ড্র ও ৫৯টি ম্যাচে হার মানে তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা অদবার হেজেদাল ও চিফ কমিউনিকেশন্স অফিসার কাজী মনিরুল কবীর।
টেস্টে বাংলাদেশকে আরও এগিয়ে নেয়ার পাশাপাশি বিশ্বকাপেও দেশকে আনন্দের উপলক্ষ্য এনে দেয়ার আহ্বান জানান তারা।
তারা বলেন, এ আয়োজন জাতীয় দলকে বিশ্বকাপের জন্য আরও অনুপ্রাণিত করবে।"
অনুষ্ঠানে প্রথম টেস্ট খেলা দলের সদস্যদের সম্মাননা জানানো হয়। এসময় তারা সহ দেশের পক্ষে টেস্ট খেলা ৫৯ ক্রিকেটারের হাতে তুলে দেয়া হয় নতুন টুপি। সড়ক দূর্ঘটনায় নিহত প্রথম টেস্ট জয়ী দলের সদস্য মানজারুল ইসলাম রানার টুপি গ্রহণ করেন ওই ম্যাচের অধিনায়ক হাবিবুল বাশার।
সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি। এছাড়াও কোচ, সংগঠকসহ কয়েক হাজার ক্রিকেট প্রেমী সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি প্রতি বছর ক্রিকেট সংশ্লিষ্ট ২৫ জনকে ২ লক্ষ টাকা করে সম্মাণনা দেয়ার ঘোষণা দেন। প্রতি বছর অর্থের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসএনএল/২২০৭ ঘ.
bdnews24