২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের ১০ উইকেটে হারের লজ্জা

ইস্পাহানি প্রিমিয়ার লিগের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি প্রিমিয়ার লিগের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটি রোববার আক্ষরিক অর্থেই পরিণত হয়েছিল মোহামেডানের খেলোয়াড়দের জন্য মাইনফিল্ডে। সেটিই আবার পরিণত হলো আবাহনীর ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং স্বর্গ। দশম পর্বের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে আবুল হাসান রাজুর মারাত্মক বোলিংয়ের মুখে ২২ ওভার ৪ বলে ৯৩ রানেই গুটিয়ে যায় সাকিব আর হাসানের দল। রান তাড়া করতে নেমে আনামুল হকের অপরাজিত ৫৪ ও ইমরুল কায়েসের অপরাজিত ৩৮ রানের সুবাদে ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্য ৯৪ রানে পৌঁছে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। আনামুল ৪ মেরে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। সঙ্গে সঙ্গে রিয়াদ ও দুই অপরাজিত ব্যাটসম্যানকে ঘিরে শুরু হয়ে যায় আবাহনীর খেলোয়াড়দের উৎসব। আর গ্যালারিতে তখন চলছিল সমর্থকদের উল্লাস। এই পর্বের খেলা শেষে আবাহনীর পয়েন্ট ১৮। মোহামেডোনের ১৫। আনামুল হক তার ৫৪ বলের পালায় সীমানার ওপারে বল পাঠান ৮ বার। আরেকবার এনামুল হককে সীমানা পার করেন হাওয়ায় ভাসিয়ে। অনেকটা রক্ষণাত্মক কায়েস তার ৪৮ বলের ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে। অথচ মোহামেডানের সব ব্যাটসম্যান মিলে মেরেছেন আটটি ৪। তবে ছক্কা মেরেছেন দু'টি। খেলার ৪র্থ ওভারে মোহামেডানের নাফিস ইকবাল (১), শামসুর রহমান (০) ও সাকিবকে (০) চার বলের মধ্যে ফিরিয়ে দিয়ে মোহামেডানের মেরুদণ্ড গুড়িয়ে দেন রাজু। এরপর দলটি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৭ রানের জুটি গড়েন নাজিমুদ্দিন ও খালেদ মাসুদ পাইলট। দুই অঙ্কের কোঠায় পৌঁছেন মাত্র চার ব্যাটসম্যান। সবচেয়ে বেশি ২৫ রান আসে নাজিমের ব্যাট থেকে। পাইলট করেন ২১, পাকিস্তানের আজহার মাহমুদ ১৬ ও তামিম ১২। দলের বাকি সাত ব্যাটসম্যান মাত্র ১১ রান করেন। আবাহনীর পক্ষে আবুল হাসান রাজু ৪ উইকেট নেন ২৮ রানে। রফিক ১৫ রানে ৩ উইকেট নেন। ৩৬ রান দিয়ে তাপশ বৈশ্য নেন ২ উইকেট। সকালে ঘন কুয়াশার কারণে নির্ধারিত ৫০ ওভারের বদলে খেলা হয় ৪৮ ওভার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৬৪০ ঘ.