ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের ভাগ্য নির্ধারিত হতে পারে মঙ্গলবার।
কাতারের দোহায় 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত সন্দেহে এই তিনজনের শুনানি এরই মধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুনালে সালমান, আসিফ ও আমির এবং আইসিসি'র আইনজীবীরা তাদের সমাপনী বিবৃতি দেন সোমবার। ধারণা করা হচ্ছে মঙ্গলবারই রায় ঘোষণা করা হবে।
তিন সদস্যের আইসিসি'র ট্রাইবুনালটি গঠন করা হয়েছে মাইকেল বেলহফ কিউসি, বিচারপতি অ্যালবি সাচ ও শারদ রাওকে নিয়ে।
গত বছরের আগস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছা করে ফাস্ট বোলার আসিফ ও আমির নো-বল করেন। ওই টেস্টে পাকিস্তান দলের অধিনায়ক সালমান বাট এই ঘটনায় নাটের গুরু ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭২০ ঘ.
bdnews24