নারায়ণগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় সিটি ব্যাংকে বিশ্বকাপ টিকিট বিক্রি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে।
টিকিট না পেয়ে ও কারচুপির অভিযোগে ক্রিকেট ভক্তরা রোববার দুপুর ২টার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের কাচ ভেঙে যায়।
পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকাল সোয়া ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ব্যাংকে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ করেছেন অনেকে।
তাদের অভিযোগ, লাইনে টোকেন দেওয়ার পরও সকাল থেকে বিকাল পর্যন্ত ১০ থেকে ১২ জন মাত্র ব্যাংকে প্রবেশ করে টিকিট কিনতে পেরেছে।
বাকি টিকিট ব্যাংক কর্তৃপক্ষ অন্যত্র বিক্রি করে দিচ্ছে। এ জন্য তারা পাচ্ছেন না।
তবে অভিযোগ অস্বীকার করে শহর শাখা সিটি ব্যাংকের ব্যবস্থাপক শরীফুল আজিজ সাংবাদিকদের বলেন, তাদের এখানে কোনো প্রকার কারচুপি হয়নি। ইন্টারনেটে ধীরগতি থাকায় টিকিট নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।
প্রয়োজনে পুরো জানুয়ারি মাস টিকিট বিক্রি হবে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ সিটি ব্যাংক থেকে প্রতিদিন ৪৮০টি টিকিট বিক্রি করা যাবে বলে আগে দেওয়া নোটিশে উল্লেখ ছিলো। একজন ক্রেতা প্রতি খেলার জন্য সর্বোচ্চ দুটি করে টিকিট কিনতে পারবে। সিটি ব্যাংকের ভেতর শুধু টিকিট বিক্রির জন্য পৃথক একটি বুথ খোলা হয়েছে।
লাইনে দাঁড়িয়ে থাকা ৩৪ নম্বর টোকেনধারী জয়নাল মিয়া জানান, শনিবার সন্ধ্যার দিকে তিনি লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু রোববার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিনি ব্যাংকে প্রবেশ করতে পারেননি। তার সামনে তখনো ৫-৬ জন দাঁড়িয়ে ছিলেন।
ব্যাংকের গ্রাহক, শিল্পপতি আর 'রাঘববোয়ালদের' অনেকেই ব্যাংকে প্রবেশ করে টিকিট নিয়ে গেছে বলেও অনেকের অভিযোগ।
নারায়ণঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24