ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধের সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বীরেন্দর শেবাগকে। তবে সিরিজ নির্ধারণী কেপ টাউন টেস্টে খেলবেন তিনি।
শেবাগের বদলে দলে নেয়া হয়েছে রোহিত শর্মাকে। এছাড়া ১৭তম সদস্য হিসেবে দলে যুক্ত হয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়।
শেবাগকে বিশ্রাম দেয়ার অর্থ পূর্ণশক্তির একদিনের দল মাঠে নামাচ্ছে না ভারত। এর আরেকটি অর্থ দলে রয়ে গেলেন কেবল দু'জন নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান। তারা হলেন শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভির। তাই একদিনের সিরিজের জন্য মুরালি বিজয়কে দক্ষিণ আফ্রিকায় থেকে যেতে বলা হয়েছে।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০৭ ঘ.
bdnews24