২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু শুক্রবার

অনেকের মতে এখন অ্যাশেজের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুক্রবার শুরু মোহালিতে। কিন্তু মাত্র দুই টেস্টের সিরিজে দুই দলের পাশাপাশি ক্রিকেট ভক্তরাও হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেকের মতে এখন অ্যাশেজের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুক্রবার শুরু মোহালিতে। কিন্তু মাত্র দুই টেস্টের সিরিজে দুই দলের পাশাপাশি ক্রিকেট ভক্তরাও হতাশ। বর্ডার-গাভাস্কার ট্রফি এখন ভারতেরই দখলে। দু'বছর আগে দেশের মাটিতে ভারত সিরিজ জিতেছিল ২-০ ম্যাচে। তারপর বেশ কিছুটা সময়ই বয়ে গেছে। সেবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে ভারতে এসেছিল অস্ট্রেলিয়া। আর এবার অজিরা চার নম্বর এবং ভারতই এক নম্বরে। যদি পন্টিংরা ফের এ সিরিজে হারে, তাহলে র‌্যাঙ্কিংয়ে তারা চলে যাবে ইংল্যান্ডের পেছনে পাঁচ নম্বরে। তাই নিজেদের ফিরে পেতে এই সিরিজ থেকেই লড়াই শুরু করতে চায় রিকি পন্টিংয়ের দল। ঘরের মাঠে ভারত সবসময়ই প্রায় অজেয় দল। দুর্দান্ত ব্যাটিং লাইন আপ এবং স্পিন সহায়ক পিচে যে কোনো অতিথি দলকে ধরাশায়ী করতে তাদের জুড়ি নেই। মোহালিতে সেই রাস্তাতেই হাঁটতে চাইছে ভারত। কিন্তু বাগড়া দিচ্ছে স্থানীয় আবহাওয়া। ক্রমাগত বৃষ্টিতে পিচ পুরোপুরি শুকায়নি। ফাস্ট বোলাররা তেমন বাউন্স না পেলেও সুইং পাবেন। ফলে ভারতের কোচ গ্যারি কার্স্টেন তার ব্যাটসম্যানদের শর্ট বল খেলার বিশেষ ক্লাস নিচ্ছেন। পিচ কিউরেটর বলেছেন তৃতীয় দিন থেকে বলে হয়তো স্পিন ধরবে। ভারতীয় দল তিন পেসার এক স্পিনার, নাকি দুই পেসার দুই স্পিনার খেলাবে সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। হরভজন সিং এখনো পুরোপুরি ফিট নন। গোড়ালিতে একটু সমস্যা হচ্ছেই। যদিও অনুশীলন করে গেছেন তিনি। ম্যাচের দিন সকালে তার ফিটনেস পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দুই পেসার হলে জহির খান ও ইশান্ত শর্মাই খেলবেন। দুই স্পিনার হরভজন সিং এবং প্রজ্ঞান ওঝা। আর এক স্পিনার হলে তৃতীয় পেসার হিসেবে খেলবেন শ্রীশান্থ। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, তার ভাবনা র‌্যাঙ্কিং নয়, সিরিজ জেতা। অস্ট্রেলিয়া ব্যাটসম্যান মাইকেল হাসি এবং ফাস্ট বোলার ডাগ বোলিঞ্জারকে প্রথম একাদশে রাখা চূড়ান্ত করেছে। বাকি দুই পেসার মিচেল জনসন এবং বেন হিলফেনহস। একমাত্র স্পিনার নাথান হরিজ। অধিনায়ক পন্টিং কোনোরকম রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, এ সিরিজ তার বোলারদের জন্য কঠিন পরীক্ষা। একই সঙ্গে তার নেতৃত্বেরও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/১৮৪৫ ঘ.