২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্য পূরণ হয়নি'

মাঠ পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠ পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলাম, তা এখনো পূরণ হয়নি। কিছু সাফল্য যেমন পেয়েছি, তেমনি কিছু ব্যর্থতাও আছে।" বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। সাফল্য প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, "গত এক বছরে দেশের ক্রিকেটকে একটা কাঠামোর ওপর দাঁড় করাতে পেরেছি।'' ক্রিকেটকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে মিরপুরে ক্রিকেট একাডেমি গঠন করা হয় বছর খানেক আগে। এই অর্থবছরেই এটি পূর্ণাঙ্গ রুপ পাবে বলে তিনি জানান। দেশের অন্যতম সেরা মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোন এজন্য একাডেমিকে সাড়ে সাত লাখ ডলার দিচ্ছে। একাডেমির দায়িত্বে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বললেন, ''আগামী মাসেই একাডেমিতে নতুন কোচ নিয়োগ দেয়া হবে। অনুশীলনের জন্য আলাদা জায়গারও ব্যবস্থা করা হবে। একাডেমির ক্রিকেটারদের দেয়া হবে মাসে দশ হাজার টাকা করে।'' আগে জাতীয় দলের ক্রিকেটাররাই কেবল বোর্ডের বেতন কাঠামোর আওতায় ছিলেন। এখন থেকে 'এ' দলের ক্রিকেটাররাও মাসিক বেতন পাবেন বলে জানান বিসিবি সভাপতি। বললেন, ''ক্রিকেটারদের কাছ থেকে সাফল্য পেতে চাইলে সবার আগে তাদের আর্থিকভাবে স্বচ্ছল করে তুলতে হবে, আমি সে লক্ষ্যেই কাজ করছি।'' প্রায় এক যুগ ধরে টেস্ট ক্রিকেট খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজের কোনো মাঠ নেই। জাতীয় ক্রীড়া পরিষদের মাঠ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামই হলো বাংলাদেশের ক্রিকেটের ঠিকানা। মোস্তফা কামাল বললেন, শিগগিরই বিসিবি নিজস্ব মাঠের ব্যবস্থা করবে। বোর্ডের অর্থায়নে সেই মাঠ নির্মাণ করা হবে পর্যটন কেন্দ্র কক্সবাজারে। মেয়েদের জন্যও আলাদা মাঠ তৈরি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এছাড়া প্রতিটি জেলায় টার্ফ উইকেটের ব্যবস্থা করা হবে। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের খেলায় বাংলাদেশ দলের জয়কেই তার দায়িত্ব পালনকালে মাঠের বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। মোস্তফা কামালের সামনে চ্যালেঞ্জ এখন বিশ্বকাপ আয়োজন করা। আগামী বছরের ১৭ ফেব্র"য়ারি ঢাকায় হবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। এর জন্য কতোটা প্রস্তুত বাংলাদেশ? নাকি শেষ মুহূর্তে ভারতের কমনওয়েলথ গেমসের মতোই অবস্থা হবে? এই প্রশ্ন উঠতেই বিসিবি সভাপতি বললেন, ''সবার মতো আমারও এ ব্যাপারে উৎকন্ঠা আছে। তবে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আশা করছি, মাসখানেকের মধ্যেই স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে।" তার মতে, দু'টো কারণে আয়োজনে ঘাটতি থেকে যেতে পারে। প্রথমত, সাংগঠনিক ব্যর্থতা এবং অন্যটি, নাশকতামূলক তৎপরতা। দু'টোর কোনাটারই আশঙ্কা বাংলাদেশে নেই বলে তিনি জানান। মোস্তফা কামাল বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ঢাকার খেলা প্রতিটি জেলায় বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হবে। পুরো জাতিকেই নিয়ে উপভোগ করা হবে বিশ্বকাপ। সংবাদ সম্মেলনে মোস্তফা কামালের এক বছরের কার্যক্রমের বিভিন্ন দিকও উঠে আসে। জাতীয় দল গঠনে হস্তক্ষেপ করায় সমালোচনার কবলে পড়েন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ''দল গঠনে আমার সরাসরি হস্তক্ষেপ ছিল না। তবে পরোক্ষভাবে অবশ্যই থাকতে পারে। কেননা, দল ব্যর্থ হলে তো সেই দায়ভার আমাকেই নিতে হয়।'' অবশ্য বিসিবি সভাপতি এ কথাও বললেন যে নির্বাচকরা স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররাও তাদের মতো করে অনুশীলন করে যাচ্ছে। কেননা দলের মূল কোচের সঙ্গে আছেন বেশ কয়েকজন সহকারী কোচ ও মনোবিদ। মোস্তফা কামালের দাবি, ক্রিকেটারদের কোন কিছুই অপূর্ণ রাখা হয়নি। তাই বলে এখনই বাংলাদেশ ক্রিকেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠবে, এমনটা মনে করেন না বিসিবি সভাপতি, ''সাফল্য পেতে সময় লাগে। আমি বিশ্বাস করি, আমাদের প্রতিভার কমতি নেই। এখন ধৈর্য্য ধরে খেলা চালিয়ে যেতে হবে। সাফল্য এক সময় আসবেই।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭২৬ ঘ.