২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল থেকে বাদ পড়ে ক্ষুব্ধ যুবরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়ে রীতিমতো ক্ষুব্ধ যুবরাজ সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়ে রীতিমতো ক্ষুব্ধ যুবরাজ সিং। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, "শ্রীলঙ্কায় দু'টি ম্যাচ খেলেছি। একটিতে শতক এবং অপরটিতে অর্ধ-শতক হাঁকিয়েছি। একে যদি ভালো বলা না হয়, তাহলে বলার আর কিছুই থাকে না। তবে দল নির্বাচন তো আর আমার হাতে নেই।" নির্বাচকরা তাকে বাজে 'ফর্ম' এবং খেলার মতো শারীরিক অবস্থা না থাকার জন্য বাদ দিয়েছেন বলে জানান নির্বাচকরা। কিন্তু যুবরাজ তা মানতে নারাজ। তিনি মনে করেন, খুব ভালোই খেলছেন তিনি। আর 'ফিটনেস' নিয়ে তো কোনো সমস্যাই নেই। সাংবাদিকদের যুবরাজ বলেন, ''দল থেকে বাদ পড়লে খুব খারাপ লাগে। শ্রীলঙ্কায় আমি খেলার মতো সুস্থ না থাকায় সুরেশ রায়না সুযোগ পেয়েই শতক হাঁকালো। এতে আমার কি করার আছে?'' এরপরে হয়তো মজা করেই ভারতের এই অলরাউন্ডার বললেন, ''আমি যদি এভাবে বাদ পড়তে থাকি, তা হলে হয়তো অন্য রাস্তাই ধরতে হবে।'' তবে তারপরই যুবরাজ জানান, দলে তিনি ফিরবেনই। অবশ্য ক্রমাগত চোট-আঘাত তাকে কিছুটা হলেও কাবু করেছে বলে মেনে নেন তিনি। মোহালিতে ১ অক্টোবর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সেদিনই জয়পুরে ইরানি ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে অবশিষ্ট ভারত একাদশের নেতৃত্ব দিতে মাঠে নামবেন যুবরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯০৪ ঘ.