ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। মঙ্গলবার চন্ডিগড়ে সাংবাদিকদের তিনি বলেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিয়মিত জানানো হচ্ছে। খেলোয়াড়রা তা মেনে চলছে। কাজেই কোনো সমস্যা নেই।
নভেম্বরে দিল্লি কমনওয়েলথ গেমসের আগে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক মহলই উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু ভারতে দু'টি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে এসে অজি অধিনায়ক পন্টিং এসব নিয়ে কিন্তু মোটেও মাথা ঘামাচ্ছেন না।
''হোটেলে এবং হোটেলের বাইরের নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা পুরোপুরি নিরাপদ বোধ করছি। কাজেই ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না আমরা" - বলেলেন পন্টিং।
অস্ট্রেলিয়া দলের মাসব্যাপী ভারত সফর শুরু হবে ২৫ সেপ্টেম্বর, চন্ডিগড়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে। প্রতিপক্ষ ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশ। দলের নেতৃত্ব দেবেন গৌতম গম্ভির।
প্রথম টেস্ট শুরু হবে মোহালিতে, ১ অক্টোবর। ৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে ব্যাঙ্গালোরে। এরপর তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রথমটি ১৭ অক্টোবর কোচিতে, দ্বিতীয়টি ২০ অক্টোবর বিশাখাপত্তনমে এবং ২৪ অক্টোবর গোয়াতে হবে তৃতীয়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮৩৫ ঘ.
bdnews24