ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা লেগ-স্পিনার কে? বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ হয়তো বলবেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের নাম। কিন্তু তাদের সঙ্গে একমত নন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক স্যার গ্যারফিল্ড সোবার্স।
তার মতে, নিখাদ লেগ-স্পিনার হিসেবে ওয়ার্নের চেয়ে অনেকখানি এগিয়ে আছেন ভারতের সাবেক লেগ-স্পিনার সুভাষ গুপ্তে।
নিজের লেখা নতুন বই 'ইন অ্যা লিগ অব দেয়ার ওন: হান্ড্রেড ক্রিকেট লিজেন্ডস সিলেক্ট দেয়ার ওয়ার্ল্ড ইলেভেন' এ এই মন্তব্য করেন সোবার্স। একই সঙ্গে ইংল্যান্ডের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জিওফ বয়কটের ব্যাটিংয়ের ধরণ নিয়েও সমালোচনা করেন তিনি।
সোবার্স তার বইয়ে লেখেন, ''হালে অনেকেই হয়তো 'গ্রেট' ক্রিকেটার হিসেবে শেন ওয়ার্নের নাম বলবেন। কিন্তু আমার মতে, ওয়ার্ন অবশ্যই ভালো, কিন্তু সবদিক দিয়ে বিবেচনা করলে ও এক নম্ব^রে থাকবে না। আসলে ওয়ার্নের বলে ব্যাপক বাঁক নেয়া দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। কিন্তু লেগ-স্পিনারদের সেরা অস্ত্র গুগলির কথা তুললেই, সুভাষ গুপ্তের চেয়ে পিছিয়ে পড়তে বাধ্য ওয়ার্ন।''
তবে ওয়ার্নের প্রশংসাও করেন তিনি, ''ওর আগ্রাসী মনোভাবটাও দুর্দান্ত। ও যেভাবে ব্যাটসম্যানদের আক্রমণ করতো তা আমাকেও আকর্ষণ করতো। এতে আমি ওকে এক শ'র মধ্যে এক শ' নম্বরই দেব।"
সোবার্স এবং ওয়ার্ন, দু'জনেই উইজডেনের রায়ে শতাব্দি সেরা পাঁচ ক্রিকেটারের অন্যতম। বাকি তিনজন হচ্ছেন ডন ব্র্যাডম্যান, জ্যাক হবস এবং ভিভিয়ান রিচার্ডস।
সুভাষ গুপ্তে ১৯৫১ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ৩৬টি টেস্ট খেলেন। ২৯.৫৫ গড়ে উইকেট নেন ১৪৯টি। ইনিংস-সেরা বোলিং ১০২ রানে ৯ উইকেট। ম্যাচ সেরা ১০ উইকেট, ২২৩ রানে। ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন ১২বার।
মারা যান ২০০২ সালে ত্রিনিদাদে। খেলোয়াড়ী জীবনে পাঁচ টেস্টে সোবার্সের মুখোমুখি হয়ে গুপ্তে কিন্তু তাকে আউট করতে পেরেছিলেন একবারই।
বইয়ে বয়কটের ব্যাটিংয়েরও সমালোচনা করেতে গিয়ে সোবার্স লেখেন, ''বয়কট নিজের সীমাবদ্ধতা বুঝত। আর তাই কখনো ভালো বলে মারতো না। এমনকি, অর্ধেক ভালো বলও ছেড়ে দিত বয়কট। কিন্তুু 'গ্রেট' ব্যাটসম্যানরা ভালো বলকেই সহজেই বাজে বানিয়ে রান তোলে। এটাই বাকিদের থেকে আলাদা করে 'গ্রেটদের'।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৮২০ ঘ.
bdnews24