ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ক্রিকেটাররাও ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত রয়েছেন বলে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের খবর অস্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।
তাকে উদ্ধৃত করে এনডিটিভি'র খবরে বলা হয়, ইংল্যান্ডের ক্রিকেটাররাও ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন।
বাট মঙ্গলবার বলেন, ''আমি মোটেই ওই কথা বলিনি। টেপটা শুনলেই বুঝতে পারবেন। আমি কেবল বলেছি, জুয়ারিরা এসব কথা বলাবলি করছে।''
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান বোথাম রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তিনি বলেন, ''পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হোক। অনেক হয়েছে। লোকে কি ইচ্ছা করে ক্যাচ ফেলে দেয় কিংবা জুয়ারিদের কথা মতো নো বল দেখার জন্য মাঠে আসে?''
তবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ চালিয়ে যাওয়ার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস।
তিনি বলেন, ''ইংল্যান্ডের ক্রিকেট কর্মকর্তা এবং খেলোয়াড়দের অবশ্যই প্রশংসা করা উচিত। কারণ নানা বিতর্কের পরও তারা খেলার স্বার্থে সিরিজ চালিয়ে গেছেন।" একে তিনি একটি উদাহরণ হিসেবে অভিহিত করেন।
দেশ সম্পর্কে জহির বলেন, ''পাকিস্তানের উচিত দোষীদের কঠিন দণ্ড দেয়া। কারণ ক্রিকেটকে বাঁচাতে হবে। তবে একথাও মনে রাখতে হবে যেন অপরাধ প্রমাণের আগে আলোড়ন সৃষ্টির জন্য অহেতুক অভিযোগ না তোলা হয়।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৫০ ঘ.
bdnews24