ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোটের কাছে হার মানতেই হলো অ্যান্ড্রু ফ্লিনটফকে। দীর্ঘদিনের এই চোটের কারণে বৃহস্পতিবার সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার ।
ফ্লিনটফ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন গত বছর অ্যাশেজ জয়ের পরপরই। তখন হাঁটুর অস্ত্রোপচারও করান তিনি।
চলতি মৌসুমে মাঠে নামার প্রত্যাশায় ছিলেন ফ্লিনটফ। একদিনের ক্রিকেটে খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু গত মাসেই মাঠের বাইরে চলে যান চোটের জন্য।
সেই ধাক্কা সামলে উঠা হলো না ফ্লিনটফের। ৩২ বছর বয়সী এই তারকা ওয়ানডেতে নিয়েছেন ১৬৯ উইকেট ও টেস্টে নিয়েছেন ২২৬। ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ৩৮৪৫ ও ওয়ানডেতে ৩৩৯৪ রান করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৮২৫ ঘ.
bdnews24