ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি, ফাস্ট বোলার শোয়েব আখতার, অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং উমর আকমল ডোপ পরীক্ষার মুখোমুখি হচ্ছেন।
শুক্রবার ওভালে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে। তার আগেই চার খেলোয়াড়ের ডোপ টেস্ট করা হবে। এ খবর জানিয়েছেন লন্ডনে দলের সঙ্গে থাকা ম্যানেজার ইয়ওয়ার সাঈদ।
ডোপ পরীক্ষা করবে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। ইতিমধ্যেই ওয়াডার সদস্যরা লন্ডন পৌঁছে গেছেন। খেলা শুরুর ঠিক আগে এই ডোপ টেস্ট করা হবে। ওয়াডা জানায়, তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই পরীক্ষা করা হবে।
যে কোনো ক্রিকেটারকেই বাছাই করা হতে পারে পরীক্ষার জন্য। তবে একটি সূত্র জানিয়েছে দলের চার সিনিয়র ক্রিকেটারকেই ডোপ পরীক্ষা দিতে হবে।
ইয়ওয়ার সাঈদ জানিয়েছেন ওয়াডার সঙ্গে চুক্তি অনুযায়ী এটা একটা নিয়মিত পরীক্ষা। এটা নিয়ে অন্য কিছু ভাবার অবকাশ নেই। তিনি বলেন চুক্তি অনুযায়ী ওয়াডা বছরের যখন তখন যে কোনো সিরিজ কিংবা প্রতিযোগিতা চলাকালে ডোপ পরীক্ষা নেয়ার ক্ষমতা রাখে।
ডোপ টেস্টে এর আগে পাকিস্তানের দুই ফাস্ট বোলার শোয়েব এবং মোহাম্মদ আসিফ ধরা পড়েছিলেন। তারা এ জন্য শাস্তিও ভোগ করেছেন।
শোয়েব এখন ওয়ানডে সিরিজে থাকলেও, লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কারণে আসিফ দেশে ফিরে গেছেন। তার সঙ্গে একই কারণে দেশে ফিরেছেন সালমান বাট এবং মোহাম্মদ আমির। তিনজনকেই আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮১৮ ঘ.
bdnews24