ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে 'স্পট ফিক্সিং' নিয়ে সমস্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন পাকিস্তানের তরুণ পেস বোলার মোহাম্মদ আমির।
লর্ডস টেস্টে জুয়ারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে পাকিস্তানের তিন খেলোয়াড় আমির, সালমান বাট এবং মোহাম্মদ আসিফকে আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
কিছুদিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওই তিন ক্রিকেটার। তিনজনই রয়েছেন গণমাধ্যমের আড়ালে। আমির চলে গেছেন পাঞ্জাবের প্রত্যন্ত এলাকায় তার গ্রামের বাড়িতে।
লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে ১৮ বছরের আমির লন্ডন পুলিশ এবং আইসিসির দুর্নীতি দমন বিভাগের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করতে রাজি হয়েছেন। জানাবেন পাকিস্তান দলের অন্য কারো সঙ্গে জুয়ারিদের সম্পর্ক আছে কিনা। পর্দার আড়ালে থাকা জুয়ারিদের পরিচয়ও জানাবেন তিনি।
দুই সতীর্থ বাট এবং আসিফের বিরুদ্ধে কিছু প্রমাণও নাকি কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন আমির। আর এ সবই করবেন নিজের শাস্তিকে লঘু করতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৩২ ঘ.
bdnews24