২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সেরা একাদশে ধোনি

ভারতের সর্বকালের সেরা ক্রিকেট একাদশে সবচেয়ে নতুন সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংয়ের জোরে সৈয়দ কিরমানি, ফারুক ইঞ্জিনিয়ার এবং কিরণ মোরেকে সরিয়ে উইকেটরক্ষক হিসেবেই দলে এসেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সর্বকালের সেরা ক্রিকেট একাদশে সবচেয়ে নতুন সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংয়ের জোরে সৈয়দ কিরমানি, ফারুক ইঞ্জিনিয়ার এবং কিরণ মোরেকে সরিয়ে উইকেটরক্ষক হিসেবেই দলে এসেছেন তিনি। মঙ্গলবার ক্রিকইনফো এবং ইএসপিএন যৌথভাবে জানিয়ে দেয় ভারতের সর্বকালের সেরা একাদশের নাম। তাতে বর্তমান দলের আরো রয়েছেন বীরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। আর নিকট অতীতের মধ্যে জায়গা করে নিয়েছেন লেগস্পিনার অনিল কুম্বলে। দলের চারজন ১১ জন জুরির সর্বসম্মত রায়ে জায়গা করে নিয়েছেন। এরা হলেন শচীন, সুনীল গাভাস্কার, কাপল দেব এবং বিনু মানকড়। সবচেয়ে লড়াই হয়েছে পাঁচ নম্বর জায়গাটি নিয়ে। শেষ পর্যন্ত সেখানে এসেছেন বিজয় হাজারে। তার কারণে বাদ পড়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, ভিভিএস লক্ষ্মণ, মনসুর আলী খান পাতৌদি, দিলীপ ভেংসরকার, মোহাম্মদ আজহারউদ্দিন এবং মহিন্দর অমর নাথের মতো হেভিওয়েটরা। তবে লক্ষ্মণ পাঠকদের রায়ে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। জুরিদের দলে সঙ্গে পাঠকদের সেরা একাদশের এই একটিই তফাৎ। ওপেনিংয়ে গাভাস্কারের সঙ্গী হয়েছেন শেবাগ। আক্রমণ আর রক্ষণের চমৎকার মিশেল। শেবাগ পেয়েছেন ১০ ভোট। দ্রাবিড় ৯ ভোট নিয়ে ঢুকেছেন তিন নম্বর পজিশনে। চার নম্বরে অবধারিতভাবে শচীন। দলের আলরাউন্ডারের জায়গাটি নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল এবং তার আগে রয়েছেন বিনু মানকড়ও। বোলিং বিভাগে ৭০' এর দশকে ভারতের বিখ্যাত চার স্পিনারের মধ্যে মাত্র একজনই দলে রয়েছেন। তিনি ডান হাতি অফস্পিনার এরাপল্লি প্রসন্ন। ৪৯ টেস্টে যার উইকেট সংখ্যা ১৮৯। জায়গা হয়নি ভেঙ্কট রাঘবন, চন্দ্রশেখর এবং বিষেন সিং বেদীর। স্পিনে প্রসন্নের সঙ্গী থাকছেন কুম্বলে এবং বাঁ-হাতি মানকড়। পেস বোলিংয়ে কপিলের সঙ্গী জাভাগাল শ্রীনাথ। সেরা একাদশ: সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিজয় হাজারে, বিনু মানকড়, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ ও এরাপল্লি প্রসন্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮৩১ ঘ.