ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের উইকেটকিপিং কোচ রশিদ লতিফ পদত্যাগ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে শোকজ নোটিশ দেয়ার পরই চাকরি ছাড়েন লতিফ।
লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং' নিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে কিছু মন্তব্য করেছিলেন এই সাবেক অধিনায়ক। যা মোটেই পছন্দ হয়নি পিসিবি'র। তাই লতিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে পিসিবি সাবেক উইকেটরক্ষকের হাতে শোকজ নোটিশ ধরিয়ে দেয়। তারই প্রতিবাদে লতিফের পদত্যাগ।
লতিফ এক বিবৃতিতে বলেছেন, "একজন সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে লোকজন আমার কাছে ম্যাচ গড়াপেটা নিয়ে জানতে চায়। আমি সততার সঙ্গেই তা বলার চেষ্টা করি। এটা নৈতিক দায়িত্ব বলেও মনে করি আমি। কারণ পাকিস্তান ক্রিকেটের সেবা করাটা আমার কাছে বিরাট সম্মান। সেটা রক্ষা করতে গিয়ে তো আমি চুপ থাকতে পারি না। তাই শোকজের জবাব দেয়ার পাশাপাশি আমার মনে হয়েছে বর্তমান দায়িত্বে থাকার দরকার ফুরিয়ে গেছে আমার। সেজন্যই সরে দাঁড়িয়েছি।''
সাবেক অধিনায়ক বলেন তিনি ম্যাচ গড়াপেটা নিয়ে বলতে গিয়ে কাউকেই ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। কেবল সত্য তুলে ধরার চেষ্টা করেছেন মাত্র। ওই টিভি সাক্ষাৎকারে লতিফ বলেছিলেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাটের উচিত ছিল আইসিসি'র আগেই সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করা।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে লতিফ আফগানিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকেও পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮০৭ ঘ.
bdnews24