ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১৪ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। আরো ফিরেছেন বাঁহাতি স্পিনার সোহরোওয়ার্দী শুভ।
বাঁ হাতের কব্জিতে অস্ত্রোপচারের জন্য মেলবোর্নে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল স্বাভাবিকভাবেই দলে জায়গা পাননি। সোমবারেই তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। জানা গেছে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে।
তার জায়গাই নিয়েছেন অপর বাঁহাতি ব্যাটসম্যান নাফিস। দেশের হয়ে ৬০টি ওয়ানডে খেলেছেন তিনি। সর্বশেষ খেলেছিলেন ২০০৮ সালের জুনে। চার সেঞ্চুরি এবং দশ হাফসেঞ্চুরিসহ ওয়ানডেতে নাফিসের রান ১৮৫৭। গড় ৩৩.৭৮।
তবে বাজে ফর্মের কারণে দলে জায়গা হয়নি মোহাম্মদ আশরাফুলের। আরো বাদ পড়েছেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল, অতিরিক্ত উইকেটরক্ষক সগির হোসেন এবং অলরাউন্ডার ফয়সাল হোসেন।
তবে অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায় আশরাফুলসহ রয়েছেন নাজিমউদ্দিন, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং শুভগত হোম।
পাঁচ ম্যাচের সবগুলোই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৫ অক্টোবর।
বাংলাদেশ দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ:অধিনায়ক), শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জহুরুল ইসলাম, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সোহরোওয়ার্দী শুভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২৪০৫ঘ.
bdnews24