২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতেও 'যাচাই' পদ্ধতি চালুর আহবান আফ্রিদির

পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি টেস্টের মতো একদিনের ম্যাচেও আম্পায়ারদের সিদ্ধান্ত যাচাই পদ্ধতি (আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম) চালুর আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি টেস্টের মতো একদিনের ম্যাচেও আম্পায়ারদের সিদ্ধান্ত যাচাই পদ্ধতি (আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম) চালুর আহবান জানিয়েছেন। তিনি বলেছেন '' তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এ পদ্ধতি খেলাটাকে আরো নিরপেক্ষ করে তুলবে। ফলে ম্যাচ হবে আরো সঠিক এবং নির্ভুল। ক্রিকেটে এটা এখন খুবই দরকার। টেস্টে এটা চালু হয়ে গেছে। আমি জানি টোয়েন্টি-টোয়েন্টিতে আম্পায়ারদের সিদ্ধান্ত যাচাইয়ের সময় পাওয়া যাবে না। কিন্তু একদিনের ম্যাচে সেটা সম্ভব।'' রোববার পাকিস্তান সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারেছে। ৮ উইকেটে ২৯৪ করেছিল পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ২৯৫ রান তুলে ম্যাচ জেতে স্বাগতিকরা। তিন বল হাতে রেখে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার ক্যারিয়ারের পঞ্চম একদিনের আন্তর্জাতিক শতক তুলে নেন এই ম্যাচে। তিনি ১২৬ রান করেন। তবে ব্যক্তিগত ৩৮ রানে স্ট্রাউসের বিপক্ষে শোয়েব আখতারের একটি জোরালো আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার বিলি ড্রকট্রোভ। ওই বল স্ট্রাউসের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে জমা পড়েছে সন্দেহে পাকিস্তানিরা এ আবেদন করেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে টিভি রিপ্লেতে মনে হয়েছে বল স্ট্্রাউসের গ্লাভস ছুঁয়েই জমা পড়েছিল কামরানের হাতে। এটাই আফ্রিদির ওয়ানডেতে রিভিউ পদ্ধতি চাওয়ার পেছনে আসল কারণ। স্ট্রাউস বলেন, "বল গ্লাভসে লেগেছিল কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই।" কিন্তু মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত। এদিকে টানা দুটি ওয়ানডেতে হারার পরও আফ্রিদি দলের পারফরমেন্সে মোটামুটি খুশি। বলেছেন দলের ওপর নানা ঝড়ঝাপ্টার পরও প্রথম দুই ম্যাচে তারা সমানতালেই লড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। ভাগ্য ভালো হলে দ্বিতীয় ম্যাচে ফল অন্যরকম হতেই পারত। এছাড়া হেডিংলিতে দ্বিতীয় ম্যাচে দর্শকরা পাকিস্তানকে সমর্থন করেছে। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি। বলেছেন '' হেডিংলিতে মাঠ ভরা দর্শকরা আমাদের সমর্থন করায় আমরা আনন্দিত। আশা করি বাকি তিন ম্যাচেও তা অব্যাহত থাকবে।'' শুক্রবার ওভালে পাকিস্তান - ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯১০ ঘ.