ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের নিচের দিকে ব্যাথার কারণে বাংলাদেশ সফরে আসতে পারছেন না নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিস।
এটি যদি খারাপ খবর হয়, ভালো খবরও আছে কিউইদের জন্য। চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন বাঁ-হাতি জেসি রাইডার। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার হ্যামিশ বেনেট।
ব্যাথার কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্টাইরিসকে। এই সময়ে খেলার মতো সুস্থ হয়ে ওঠার জন্য তার চিকিৎসা চলবে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। সব খেলা হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমটি হবে ৫ অক্টোবর।
দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), হ্যামিশ বেনেট, গ্রান্ট ইলিয়ট, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, অ্যান্ডি ম্যাককাই, কাইল মিলস, জেসি রাইডার, আরন রেডমন্ড, টিম সুথি, শানান স্টুয়ার্ট, রস টেলর, ড্যারিল টাফি, বিজে ওয়াটলিং ও ক্যান উইলিয়ামসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৬ ঘ.
bdnews24