ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' নিয়ে তদন্ত এবার নতুন দিকে মোড় নিয়েছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে।
লন্ডনের ডেইলি মেইলে বুধবার প্রকাশিত এক খবরে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমিরকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে না বলে প্রতিশ্র"তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
খবরে বলা হয়, সতীর্থদের অপরাধের ব্যাপারে তথ্য-প্রমাণ দিলে আমিরকে লঘু শাস্তি দেয়ার বিষয়টি বিবেচনা করবে আইসিসি।
অভিযোগ উঠেছে, লর্ডস টেস্টে বাজিকরদের কাছ থেকে অর্থ নিয়ে ইচ্ছা করে আমির নো বল করেন। তবে এর নাটের গুরু ছিলেন টেস্ট অধিনায়ক সালমান বাট। অর্থের বিনিময়ে মোহাম্মদ আসিফও নো বল করেন ইচ্ছা করে। তবে তাকে আইসিসি এ ধরনের কোনো প্রস্তাব দেয়নি।
এই তিনজনকেই আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে তদন্তও চলছে।
এরই মধ্যে আইসিসি গত জুনে সালমান বাট এবং উইকেটরক্ষক কামরান আকমলের মোবাইল ফোনের কল লিস্ট চেয়েছে। কারণ জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপেও ম্যাচ পাতানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে আইসিসির দুর্নীতি দমন বিভাগ জানিয়েছে, সিডনি টেস্ট পাতানো ছিল না। পাকিস্তানের কোনো কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টে ইচ্ছা করেই খারাপ খেলেছে ঠিকই, কিন্তু তা পাতানো ছিল না। ওই ক্রিকেটাররা অধিনায়ক মোহাম্মদ ইউসুফকে ডোবানোর জন্যই মূলত এমন কাণ্ড করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৫১ ঘ.
bdnews24