২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়

পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের লক্ষ্য ১২৭ রান টপকে ১২৯ এ পৌঁছে যায় তারা ৫ উইকেটে। তখনো বাকি ছিল ১৭ বল। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ১২৬ রান, ৪ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের লক্ষ্য ১২৭ রান টপকে ১২৯ এ পৌঁছে যায় তারা ৫ উইকেটে। তখনো বাকি ছিল ১৭ বল। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ১২৬ রান, ৪ উইকেটে। কার্ডিফে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে রোববার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯ রানে ক্রেগ কিসওয়েটারের (৬) উইকেটটি হারালেও ইংল্যান্ডের রানের চাকা থেমে ছিল না। ৪২ রানের মাথায় রবি বোপারা (১১) সাজঘরে ফিরে যাওয়ার পর কিছুটা হলেও ছন্দপতন ঘটে তাদের ইনিংসে। দলীয় ৫৫ রানের মাথায় অধিনায়ক পল কলিংউড ৪ রান করে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদির বলে সরাসরি বোল্ড হলে বিপদেই পড়ে ইংল্যান্ড। আর মাত্র ২ রান পর স্টিভ ডেভিস ২৬ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে গেলে রীতিমতো চাপে পড়ে যায় তারা। ৬২ রানের মাথায় লুক রাইট (০) ফিরে গেলে সেই চাপ আরো বেড়ে যায়। জুটি বেঁধে ৬৭ রান তুলে ওই চাপ কাটিয়ে জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেন ইয়ন মর্গান ও মাইকেল ইয়ার্ডি। মর্গান ২৪ বলে ৩৮ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। তিনি তার ইনিংসটি সাজান ছয়টি চার দিয়ে। ইয়ার্ডি অপরাজিত ছিলেন ৩৫ রানে। তার ২৬ বলের ইনিংসে চার রয়েছে চারটি। পাকিস্তানি বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন শোয়েব আক্তার ও আফ্রিদি। এ জন্য আক্তারের খরচ হয় ২৩ রান। আফ্রিদি দেন ২৭। এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। মাত্র ১৩ রানের মাথায় কামরান আকমল (৬) ফিরে গেলে হোঁচট খায় পাকিস্তান। সেই হোঁচট আর সামাল দিয়ে উঠতে পারেনি। বরং খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুতে থাকে তাদের ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি অপরাজিত ৩৫ রান করেন উমর আকমল। এছাড়া মোহাম্মদ ইউসুফ ২৬, শাহজাইব হাসান ২১ ও ফাওয়াদ আলম করেন ২০। শহিদ আফ্রিদি ১৬ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড ছয় বোলার ব্যবহার করেন। এর মধ্যে দুই উইকেট নেন গ্রায়েম সোয়ান, ১৪ রানে। কার্ডিফের সোফিয়া গার্ডেনসের মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি, শুরু হয়েছে কিছুটা দেরিতে। পাতানো ম্যাচ নিয়ে যখন উত্তাল ক্রিকেট বিশ্ব, ঠিক তখনই মুখোমুখি হলো ইংল্যান্ড এবং পাকিস্তান। যদিও সফরকারীরা 'স্পট ফিক্সিংয়ে'র দায়ে অভিযুক্ত তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে বাইরে রেখে সেরা একাদশ সাজাতে বাধ্য হয়। কেননা এই তিন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। এই দুই দেশ আরেকটি ২০ ওভারের ম্যাচ খেলবে মঙ্গলবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩১০ ঘ.