ঢাকা, ০৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী দু'বছরের মধ্যে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলী।
ভারতের সাবেক অধিনায়ক বলেন, ''বছর দুয়েকের মধ্যে কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিতে যাচ্ছেন। এরপর তরুণরা যদি ভালো খেলতে না পারেন তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ধোনিকে।''
ইদানিং টেস্টে ভারত বেশ ভালোই খেলছে বলে মানছেন সৌরভ। কিন্তু একদিনের ম্যাচে ভারতের ধারাবাহিকতার অভাবে উদ্বিগ্ন তিনি। কারণ সামনেই বিশ্বকাপ।
সৌরভ বলেন, ''আগামী বছর দুয়েকের মধ্যে ধোনিকে আরো কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। কারণ শচীন, দ্রাবিড় এবং লক্ষ্মণরা অবসর নিতে পারেন। সামনের বছর দেশের বাইরে ধোনির দলকে পাঁচটি সিরিজ খেলতে হবে। তাতেই নতুন করে নেতৃত্বের পরীক্ষা হয়ে যাবে।''
যুবরাজ সিংকে নিয়ে বেশ হতাশই সৌরভ। বলেছেন, ''এতদিন ধরে খেলেও তার খেলায় ধারাবাহিকতার অভাব আকাশ-পাতাল। শেবাগের খেলায় সব সময়ই একটা শঙ্কা থাকে। রবীন্দ্র জাদেজা, ইউসুফ পাঠান, রোহিত শর্মা, সুরেশ রায়নারা প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। বোলিংয়েও একই অবস্থা। জহির আর হরভজনের পর নিজেকে দীর্ঘ সময়ের জন্য কেউ তুলে ধরতে পারছে না। তাই ধোনির সামনে অপেক্ষা করছে আরো কঠিন পরীক্ষা।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৫ ঘ.
bdnews24