ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ গড়াপেটার শাস্তি আজীবন নিষেধাজ্ঞা। কিন্তু একটা নো বলের জন্য ওই কড়া শাস্তি না দিতেই পরামর্শ দিলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক 'স্পট ফিক্সিং'য়ের জন্য মোটা অঙ্কের অর্থ জরিমানার কথা বললেন।
যদিও কিছুদিন আগে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরদের কঠোর শাস্তি দাবী করেছিলেন ইমরান। কিন্তু এখন বলছেন, বিভিন্ন অপরাধের যেমন ভিন্ন মাত্রা থাকে, শাস্তিটাও সে জন্য সে অনুপাতে হওয়া উচিত।
রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান বলেন, ''যদি গত বছর সিডনিতে পাকিস্তান ম্যাচ গড়াপেটা করে থাকে তাহলে অবশ্যই দোষীদের আজীবন নির্বাসনে পাঠানো উচিত। কিন্তু ইচ্ছাকৃত একটা নো বল অত বড় অপরাধ নয়। নতুন প্রজন্মের সামনে উদাহরণ পেশ করার জন্যই বড় অঙ্কের জরিমানার কথা বলছি। যাতে ওরা বুঝতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু।''
এ অবস্থায় পাকিস্তান দলকে ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানোর বিপক্ষে ইমরান। তিনি বলেছেন, ''এই দাবী হাস্যকর। কয়েকজন ক্রিকেটারের জন্য গোটা দলকে নির্বাসিত করা যায় না। যার অপরাধ শাস্তি তার পাওয়া উচিত।"
সালমান বাটদের কর্মকাণ্ডে পুরো পাকিস্তান জাতি হতাশ। সেই প্রসঙ্গে ইমরান বলেন, ''লর্ডসের ঘটনায় আমি খুবই হতাশ। এটা পুরো বিশ্বের কাছে পাকিস্তানের মাথা নিচু করে দিয়েছে। দেশে এখন কোনো রোল মডেলই নেই। সামনে তাকানোর মতো কিছুই নতুন প্রজ
bdnews24