২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন না ক্লুজনার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ল্যান্স ক্লুজনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ল্যান্স ক্লুজনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুখপাত্র জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ক্লুজনার আমাদের জানিয়েছে ও বাংলাদেশে আসছে না।'' স্ত্রীর মন রক্ষা করতেই বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্লুজনার। বুধবার জালাল ইউনুস বলেন, ''আমরা তার সব প্রস্তাবই মেনে নিয়েছিলাম। ওর সঙ্গে চুক্তি করাটা সময়ের ব্যাপার ছিল। কিন্তু শেষ মুহূর্তে ক্লুজনার জানাল এ অবস্থায় তার স্ত্রী বাংলাদেশে আসতে চাইছে না।'' হঠাৎ করে ক্লুজনার না বলে দেয়ায় বিসিবি কিছুটা বিরক্ত বলেও জানান ইউনুস, ''দেখুন বিশ্বকাপের আগে হাতে সময় বেশি নেই। এর আগে ক্লুজনার না করে দেয়ায় বিপাকে পড়লাম। আমাদের হাতে বিকল্পও খুব বেশি নেই।'' দক্ষিণ আফ্রিকান এই সাবেক অলরাউন্ডারকে না পাওয়ায় এখন নতুন করে বোলিং কোচ খোঁজার দিকে নজর দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে কয়েকজনের কথা চিন্তাও করছে বোর্ড। জালাল ইউনুস বলেন, ''ইংল্যান্ডের অ্যান্ডি ক্যাডিক এবং ভারতের ভেঙ্কটেশ প্রসাদের কথাও ভাবছি আমরা। জানি না ওদের পাওয়া যাবে কিনা।'' গতমাসে বোলিং কোচ হিসেবে ক্লুজনারের নাম ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড। মাসে বেতন ধরা হয়েছিল ৯ হাজার ডলার। এদিকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস বোলার কলিন ক্রফট যোগাযোগ করছিলেন বিসিবির সঙ্গে। কিন্তু তার কোচিং অভিজ্ঞতা না থাকায় সেই আবেদন বাতিল করে বোর্ড। শ্রীলঙ্কার চম্পাকা রামানায়াকে অসুস্থতার জন্য চাকুরি ছেড়ে দেয়ায় গত মার্চ থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/২১১৯ঘ.