ইসলামাবাদ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ গড়পেটার অভিযোগের পরিপ্রেক্ষিতে লন্ডনে একটি তদন্তকারী দল পাঠাবে দেশটির সর্বোচ্চ অপরাধ তদন্ত সংস্থা। এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এ কথা বলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পাকিস্তানের তিন ক্রিকেটার ম্যাচ গড়পেটায় জড়িত বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ পুলিশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করছে।
পাকিস্তান দলের টেস্ট ক্যাপ্টেন সালমান বাট, পেস বোলার মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফসহ উইকেট কিপার কামরান আকমলকেও তাদের হোটেল কক্ষে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ পুলিশ।
করাচিতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিন সদস্যের একটি তদন্তদল বুধবার লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে তারা ব্রিটিশ পুলিশ এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলবে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট জানান, "খেলোয়াড়দের বিরুদ্ধে যে অভিযোগ তা প্রমাণিত হওয়ার আগে তাদের বহিষ্কার করা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫
bdnews24