ঢাকা, ৩০ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছর অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টেও পাকিস্তান ম্যাচ পাতিয়েছিল বলে দাবি করেছেন দালাল মাজহার মাজিদ। তার কথার সঙ্গে সুর মিলিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়েরও এখন সন্দেহ হচ্ছে, সিডনি টেস্টে অন্য রকম কিছু একটা ঘটে থাকতে পারে।
পন্টিং বলেন, "সিডনি টেস্টে আমাদের জয়টা ছিল দারুণ তৃপ্তিদায়ক। কারণ দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের। তারপরও ঘুরে দাঁড়িয়ে খেলায় জিতেছিলাম। একে আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় বলেও অভিহিত করেছিলাম আমি। কিন্তু এখন মনে হচ্ছে খেলায় এমন কিছু ঘটেছিল যা সন্দেহ জাগায়।"
সিডনি টেস্টের প্রথম পালায় অস্ট্র্রেলিয়া করে মাত্র ১২৭ রান। জবাবে পাকিস্তান করে ৩৩৩ রান। দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ফের বিপর্যয়ে পড়ে। ৪৯ রানে এগিয়ে থাকা অবস্থায় হারিয়ে বসে ৮ উইকেট। ওই সময় নবম উইকেটে মাইক হাসি এবং পিটার সিডল যোগ করেন ১২৩ রান।
হাসি তিনটি জীবন পেয়ে হার না মানা শতক হাঁকান। তার তিনটি সহজ ক্যাচই ফেলেন উইকেটরক্ষক কামরান আকমল। মোট চারটি সহজ ক্যাচ এবং একটি অবধারিত রান আউট করতে পারেননি আকমল।
জয়ের জন্য ১৭৬ রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৩৯ রানে। অফস্পিনার নাথান হরিজের বলে বিস্ময়করভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।
এ ব্যাপারে পন্টিং বলছেন, এখন তার সন্দেহ হচ্ছে সিডনি টেস্টের শেষদিকে পাকিস্তানিরা পরিকল্পিতভাবেই বাজে খেলেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এমএইচ/টিআর/১৯৫৪ ঘ.
bdnews24