ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় এখন উমর গুল। পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট চলাকালে তিনি এ চোট পেয়েছিলেন। বৃহস্পতিবার লর্ডসে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
পাকিস্তান অধিনায়ক সালমান বাট বলেছেন, "নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। তবে আমরা উমরের খেলার ব্যাপারে আশাবাদী।"
ইনজুরিতে পড়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো খেলতে পারেননি গুল। তবে এটাও ঠিক তিনিই পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ ফার্স্ট বোলার। এছাড়া দলে ফেরার জন্য কঠোর অনুশীলনও করেছেন উমর।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে যে স্মরণীয় জয় পেয়েছে পাকিস্তান তা মাঠের বাইরে বসে দেখতে হয়েছে উমর গুলকে । তার বদলে দলে জায়গা পাওয়া ওহাব রিয়াজ দলের জয়ে বড় অবদান রেখেছেন। সেই টেস্টে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস একাই ধ্বসিয়ে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে পান এক উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/১৯৪০ ঘ.
bdnews24