ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হিসেবে মেয়াদ বাড়লো টিম নিয়েলসনের। ২০১১ সালের বিশ্বকাপসহ ইংল্যান্ডে অনুষ্ঠেয় আগামী ২০১৩ সালের অ্যাশেজ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকছেন তিনি।
নিয়েলসনের বর্তমান মেয়াদ চলতি সপ্তাহেই শেষ হয়ে গিয়েছিল।
জন বুকানন ২০০৭ সালে কোচের পদ থেকে সরে দাঁড়ালে দায়িত্ব নিয়েছিলেন নিয়েলসন। তার অধীনে অস্ট্রেলিয়া আইসিসির ওয়ানডে র্যাঙ্কিয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেও টেস্ট র্যাঙ্কিয়ে নেমে গেছে চার নম্বরে। হেরেছে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ অ্যাশেজ সিরিজও।
নিয়েলসন কোচ হওয়ার পর তার অধীনে ৩৬ টি টেস্ট খেলে অজিরা জিতেছে ২০ টিতে। ৮৮ ওয়ানডে খেলে জয় ৫৭ ম্যাচে। আর ৩৩ টি-টোয়েন্টি ম্যাচে জয় ১৮ টিতে।
তিন বছরের জন্য ফের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নিয়েলসন বলেছেন, ''অস্ট্রেলিয়ান ক্রিকেটের আসছে চ্যালেঞ্জগুলো গ্রহণে উদগ্রীব হয়ে আছি। দলে এখন পালাবদল চলছে। কাজেই উত্থান-পতন থাকবেই। তারপরও আমি আশাবাদী।''
খেলোয়াড়ি জীবনে সাউথ অস্ট্রেলিয়ার উইকেটকিপার ছিলেন নিয়েলসন। বুকাননের অধীনে কাজ করেছেন সহকারী হিসেবে। এছাড়া কাজ করেছেন দেশটির ক্রিকেট একাডেমিতেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৪৬ ঘ.
bdnews24