২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দলে ফিরছেন ইউনিস

মোহাম্মদ ইউসুফের পর এবার আরেক সাবেক অধিনায়ক ইউনিস খানকেও জাতীয় দলে ফিরিয়ে আনছে পাকিস্তান। তবে টেস্ট নয়, একদিনের দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ ইউসুফের পর এবার আরেক সাবেক অধিনায়ক ইউনিস খানকেও জাতীয় দলে ফিরিয়ে আনছে পাকিস্তান। তবে টেস্ট নয়, একদিনের দলে। ইউনিসের ভবিষ্যত নিয়ে একদিনের এবং টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে শনিবার জরুরি বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাট। বৈঠকে ইউনিসকে দলে নেয়ার অনুরোধ করেন আফ্রিদি। আর এতে রাজি হন ইজাজ বাট। এখন ইংল্যান্ডেই কাউন্টি ক্রিকেট খেলছেন ইউনিস। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করা হবে সোমবার। ইজাজ বাটের ওপর ইউনিসকে দলে নেয়ার জন্য নির্বাচকরা বেশ চাপ সৃষ্টি করেছেন। এদিকে পাকিস্তানের ক্রীড়া বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান ইকবাল মোহাম্মদ আলি জানান, ইজাজ বাটের সঙ্গে ইউনিসকে দলে নেয়ার ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, ইউনিসকে নিয়ে ইজাজ তার মনোভাব পাল্টিয়েছেন। বলেছেন, দ্রুত দলে ফিরিয়ে আনা হবে তাকে। চার টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ২-১ এ। চতুর্থ টেস্ট হবে লর্ডসে, শুরু হবে ২৬ অগাস্ট। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ৫ সেপ্টেম্বর। এরপর দু'টি ২০ ওভারের খেলা খেলবে দল দু'টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০৩ ঘ.