২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ২৩৩ রানে অলআউট

ওভাল টেস্টের প্রথম দিনে চা বিরতির পর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওভাল টেস্টের প্রথম দিনে চা বিরতির পর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে গেছে। এক সময় ৯৪ রানে সাত উইকেট হারিয়ে খাদে পড়ে যাওয়া ইংল্যান্ডকে টেনে তোলেন ম্যাট প্রায়র এবং স্টুয়ার্ট ব্রড। প্রায়র অপরাজিত ৮৪ এবং ব্রড ৪৮ রান করেন। পাকিস্তানের পক্ষে অভিষেক টেস্ট খেলতে নামা বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ৬৩ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। মোহাম্মদ আসিফ তিনটি এবং একটি করে উইকেট নেন মোহাম্মদ আমের এবং সাইদ আজমল। ওভালে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। দলীয় ৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে ফিরিয়ে দিয়ে শুরুতেই আঘাত হানেন মোহাম্মদ আসিফ। এরপর ওয়াহাব রিয়াজ মাত্র পাঁচ রানের ব্যবধানে ফিরিয়ে দেন অ্যান্ড্রু স্ট্রাউস (১৫) ও জনাথন ট্রট (১২) কে। ইংল্যান্ডের স্কোর ৪০, তিন উইকেটে। বিপদে পড়া ইংল্যান্ডকে এবার আঘাত হানের মোহাম্মদ আমের। পল কলিংউডকে ৫ রানে ফিরিয়ে দেন তিনি। লাঞ্চের আগে কেভিন পিটারসেনকে ৬ রানে ফেরান সেই ওয়াহাব। ৫ উইকেটে ৭০ রান নিয়ে লাঞ্চে যায় ইংল্যান্ড। লাঞ্চের পর ধুঁকতে থাকা ইংল্যান্ডকে আবারও আঘাত হানেন ওয়াহাব। তার বলে ইউয়িন মর্গান ১৭ রান করে কামরান আকমলের হাতে ধরা পড়েন। মোহাম্মদ আসিফকে দ্বিতীয়বার উল্লাস করার সুযোগ দিয়ে ৮ রান করে সাজঘরে ফিরে যান গ্রায়েম সোয়ান। তারপর প্রায়র এবং ব্রড অষ্টম উইকেটে ১১৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ভরাডুবি থেকে রক্ষা করেন। ওয়াহাব তার পঞ্চম উইকেট তুলে নেন ব্রডকে আউট করে। অ্যান্ডারসনকে খালি হাতে ফেরান আসিফ। তারপর আজমলের বলে ফিন আউট হতেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। চার ম্যাচের এ সিরিজে ২-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২২১৬