ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সে দেশের ক্রিকেট বোর্ড। প্রধানমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নগদ ১ লাখ ৩৩ হাজার ডলার দান করেছে।
তারা সাহায্যের জন্য তারকা ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করবে। আর সেটি হবে ইংল্যান্ডে। পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ত্রাণ কাজে যুক্ত হয়েছেন।
পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট, পিসিবির স্টাফ এবং জাতীয় দলের খেলোয়াড়রা এই অর্থ দান করেন।
পাকিস্তান দল এখন ইংল্যান্ড সফরে রয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা করছে পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৪০ ঘ.
bdnews24