২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের হুমকি পন্টিংয়ের

অ্যাশেজের আগে কথার খেলা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। জানিয়ে দিলেন তার দল অ্যাশেজ জিতবে ৫-০ ব্যবধানে। তিনি বলেন, ''এটা অবশ্যই সম্ভব। দেখুন ইংল্যান্ডের বিপক্ষে তেমন কিছু না হওয়ার কোনো কারণ দেখছি না আমি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাশেজের আগে কথার খেলা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। জানিয়ে দিলেন তার দল অ্যাশেজ জিতবে ৫-০ ব্যবধানে। তিনি বলেন, ''এটা অবশ্যই সম্ভব। দেখুন ইংল্যান্ডের বিপক্ষে তেমন কিছু না হওয়ার কোনো কারণ দেখছি না আমি।'' ২০০৫ সালে নিজেদের মাটিতে অ্যাশেজ পুনরায় উদ্ধার করেছিল ইংল্যান্ড দীর্ঘ ১৬ বছর পর। কিন্তু অস্ট্রেলিয়ায় ফিরতি সফরেই ২০০৬-০৭ মৌসুমে ইংল্যান্ড ফের অ্যাশেজ খোয়ায় ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ হয়ে। সেই অ্যাশেজ অস্ট্রেলিয়া আবার হারায় ইংল্যান্ডে ২০০৯ সালে। গতবছরও অস্ট্রেলিয়া সিরিজ হারে ২০০৫ এর মতো ২-১ ব্যবধানে। ২০০৫ এ ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন মাইকেল ভন। আর পন্টিংয়ের কাছ থেকে সর্বশেষ অ্যাশেজ ছিনিয়ে নেন বর্তমান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। দেশের মাটিতে পন্টিংদের সেই অ্যাশেজ উদ্ধারের অভিযান চলবে নভেম্বরে। তার আগেই প্রস্তুত অধিনায়ক বলেন, ''সিরিজ জেতার পুরো ব্যাপারটা আমাদের হাতেই রয়েছে। নির্ভর করবে আমরা নিজেদের সেরা খেলা কতটা খেলতে পারব তার ওপর।'' গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ম্যাথিউ হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, জাস্টিন ল্যাঙ্গার, ড্যামিয়েন মার্টিনদের মতো তারকা ক্রিকেটাররা অবসর নেয়ায় অজি ক্রিকেটে যে শূন্যতা তৈরি হয়েছে পন্টিং তা মেনেও বলেছেন, দলে নতুন আসা খেলোয়াড়রা দ্রুত অস্ট্রেলিয়াকে সেই আগের জায়গায় পৌঁছে দিতে যাচ্ছেন। গত দশটি টেস্টের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে আটটিতে। হার মাত্র একটিতে। একটি ড্র। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে রয়েছে তারা। পাঁচ নম্বরে আছে ইংল্যান্ড। এদিকে ইংল্যান্ডের বোলারদের প্রশংসা করলেন পন্টিং। যদিও তার বিশ্বাস অস্ট্রেলিয়ায় তারা তেমন সুবিধা করতে পারবে না। তিনি বলেন, ''জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং স্টিভেন ফিন দেশের মাটিতে দারুণ বল করলেও অস্ট্রেলিয়াতে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ এখানকার কন্ডিশন আলাদা, পিচ শক্ত এবং বল বাতাসে তেমন সুইংও করে না।'' শক্ত এবং বাউন্স ভরা পিচে ইংল্যান্ড ব্যাটসম্যানদের যে তার বোলারদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে সেই হুমকিও দিয়েছেন পন্টিং। জানিয়েছেন পেসাররা তো তৈরিই, এমনকি তিনি দুই স্পিনার নাথান হরিজ এবং স্টিভেন স্মিথকে একসঙ্গেও খেলাতে পারেন। কারণ তার হাতে রয়েছে শেন ওয়াটসনের মতো অলরাউন্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯৫৪ ঘ.