২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে আর ফিরবেন না টেইট

বর্তমান ক্রিকেটের সবচেয়ে দ্রুত গতির বোলার হিসেবেই পরিচিত অস্ট্রেলিয়ার শন টেইট। কিন্তু তাকে কখনোই আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে। কারণ টেইট নিজেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও তিনি টেস্টে আর ফিরবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান ক্রিকেটের সবচেয়ে দ্রুত গতির বোলার হিসেবেই পরিচিত অস্ট্রেলিয়ার শন টেইট। কিন্তু তাকে কখনোই আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে। কারণ টেইট নিজেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও তিনি টেস্টে আর ফিরবেন না। সেজন্যই দেশের মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজে তার নাম বিবেচনা না করার জন্য নির্বাচকদের অনুরোধ করেছেন এই পেসার। ২৭ বছর বয়সী টেইট গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। ওই সিরিজে চমৎকার বল করায় অধিনায়ক রিকি পন্টিং তাকে টেস্টে ফিরে আসার পরামর্শ দেন। এবার কাউন্টি দল গ্ল্যামারগানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে দেশে ফিরে টেইট বলেন, ''রিকি পন্টিং আমাকে বলেছিল টেস্টে ফেরার জন্য। তবে এ নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত কোনো কথা হয়নি। কিন্তু আমি মন ঠিক করে ফেলেছি। যতদিন খেলবো, আর টেস্ট নয়। কেবল ওয়ানডে এবং টি-টোয়েন্টি।" গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ওয়ানডে ম্যাচে ১৬১.১ কিলোমিটার (১০০.১ মাইল) গতিতে একটি বল করেছিলেন টেইট। এটি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির বল হিসেবে রেকর্ড বইয়ে স্থান পেয়েছে। ওই ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছিলেন টেইট। দ্রুতগতির এই বোলার বলেছেন, "নির্বাচকরা আমাকে হয়তো অনুরোধ করতে পারে টেস্টে ফেরার জন্য। তবে তাদেরকে আমি আমার সিদ্ধান্তের কথা আগে-ভাগেই জানিয়ে দিয়েছি। এমনকি অ্যাশেজেও খেলব না আমি।" শন টেইট অস্ট্রেলিয়ায় ফিরে যোগ দিয়েছেন তার দল সাউথ অস্ট্রেলিয়ায়। সেখানে অনুশীলনে শুরু করেছেন তিনি। দলের হয়ে আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৫৫ ঘ.