ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্টেও হার মেনেছে পাকিস্তান। ৯ উইকেটে জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় পালায় জয়ের লক্ষ্য ১১৮ রানে পৌঁছে তারা এক উইকেটে।
এর আগে জুলকারনাইন হায়দার ও সাঈদ আজমলের অর্ধ-শতকের ওপর ভর করে দ্বিতীয় পালায় ২৯৬ রান তোলে পাকিস্তান। ফলে এগিয়ে যায় তারা ১১৭ রানে।
এজবাস্টনে জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় মাত্র ৭ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক (৪) সাজঘরে ফেরেন মোহাম্মদ আমিরের বলে সরাসরি বোল্ড হয়ে।
এরপর ধীরে-সুস্থে খেলে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও জোনাথন ট্রট প্রাথমিক ধাক্কা শুধু সামালই দেননি, দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। দু'জনই অপরাজিত ছিলেন ৫৩ রানে। স্ট্রাউসের ১১৪ বলের ইনিংসে চার রয়েছে চারটি। আর ১০১ বল খেলে দড়ির ওপারে ছয়বার বল পাঠিয়েছেন ট্রট।
এর আগে ৯ উইকেটে ২৯১ রান নিয়ে সোমবার চতুর্থদিনের খেলা শুরু করে পাকিস্তান। দলের সঙ্গে ৫ রান যোগ হওয়ার পর স্টুয়ার্ট ব্রডের বলে কেভিন পিটারসেনের হাতে ধরা পড়েন মোহাম্মদ আসিফ। এই ৫ রানের মধ্যে ৪ আসে উমর গুলের ব্যাট থেকে। তিনি অপরাজিত থাকেন ১৩ রানে। আসিফ তার আগেরদিনের ১৩ রানের সঙ্গে যোগ করেন মাত্র ১।
রোববার মধ্যাহ্ন-বিরতির পরপর দ্বিতীয় পালায় পাকিস্তানের ছয় নম্বর উইকেট হারানোর পর মনে হচ্ছিল চা-বিরতির আগেই ইনিংস ব্যবধানে জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু প্রবল প্রতিরোধ গড়ে তোলেন শেষের দিকের ব্যাটসম্যানরা। খেলা শেখান প্রথমদিকের ব্যাটসম্যানদের।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৮ রান করেন জুলকারনাইন হায়দার। তার দু'শ বলের ইনিংসে চার রয়েছে ১৫টি। এছাড়া সাঈদ আজমল ৭৯ বলে করেন ৫০। মোহাম্মদ আমির মাত্র ১৬ রান করলেও বল খেলেছেন ১১৭টি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৬ উইকেট নেন গ্রায়েম সোয়ান। রান দেন ৬৫। এছাড়া ৬৬ রানে দুই উইকেট নেন ব্রড।
পাকিস্তানের প্রথম পালার ৭২ রানের জবাবে ইংল্যান্ড করে ২৫১। ফলে তারা এগিয়ে ছিল ১৭৯ রানে।
এই জয়ের ফলে চার টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-০ তে।
তৃতীয় টেস্ট শুরু হবে ১৮ অগাস্ট, ওভালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০০ ঘ.
bdnews24