ঢাকা, আগষ্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেতার জন্য ২৫৭ রান তাড়া করতে গিয়ে ভারত দ্বিতীয় পালায় রান করেছে ৫৩, তিন উইকেটে। ফলে জয়ের জন্য দরকার এখনো ২০৪ রান। হাতে আছে ৭ উইকেট। তাই আভাস মিলছে পঞ্চমদিন ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের।
শচীন টেন্ডুলকার ব্যাট করছেন ১১ রানে। অপর ব্যাটসম্যান নাইটওয়াচ-ম্যান ঈশান্ত শর্মা ২ রানে অপরাজিত রয়েছেন।
কলম্বোর পি সারা ওভালে হিসেবে খাতা খোলার আগেই সুরাজ রনদিবের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। রাহুল দ্রাবিড় ৭ রান করে বোল্ড হন রনদিবের বলে। বলটি তার ব্যাটে লেগে স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে, যদিও রাহুল পা দিয়ে বলটি আটকানোর চেষ্টা করেছিলেন।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ও খুব একটা সুবিধা করতে পারেননি। আবারো আঘাত হানেন সেই রনদিব। তার বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ার আগে ৫৩ বলে ২৭ রান করেন তিনি।
এর আগে থিলান সামারাবীরা ও অজন্তা মেন্ডিসের অর্ধ-শতকের ওপর ভর করে কলম্বো টেস্টের চতুর্থদিন লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় পালায় রান তোলে ২৬৭। ফলে ভারতের চেয়ে এগিয়ে যায় ২৫৬ রানে ।
প্রথম পালায় শ্রীলঙ্কার ৪২৫ রানের জবাবে ৪৩৬ রান তুললে ভারত এগিয়ে থাকে ১১ রানে।
নবম ব্যাটসম্যান হিসেবে মিথুনের বলে উইকেটের পেছনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়ার আগে সামারাবীরা করেন ৮৩। তার ১৩৯ বলের ইনিংসে চার রয়েছে ৬টি।
শেষ ব্যাটসম্যান হিসেবে ৭৮ রান করে আউট হন অজন্তা মেন্ডিস। অমিত মিশ্রের বলে সুরেশ রাইনার হাতে ধরা পড়ার আগে তিনি তার টেস্ট জীবনের প্রথম অর্ধ-শতকে পৌঁছান ১২২ বলে, পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে। তিনি তার ১৫৭ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন দশবার। হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে বল পাঠানোর সংখ্যা অবশ্য বাড়াতে পারেননি।
এর আগে দুই উইকেটে ৪৫ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দলের সঙ্গে ১৮ রান যোগ হওয়ার পরই প্রজ্ঞান ওঝার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন আগেরদিনের দিনের অপরাজিত ব্যাটসম্যান সুরাজ রনদিব (৬)।
সুবিধা করতে পারেননি কুমার সাঙ্গাকারাও। আগেরদিনের ১২ রানের সঙ্গে ১৬ যোগ করে সুরেশ রাইনার হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তিনিও। তখন দলের রান ছিল ৭৮। এর আগে ৭৭ রানে বিদায় নেন মাহেলা জয়াবর্ধনে (৫)।
এরপর ১২৫ রানের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫), প্রসন্ন জয়াবর্ধনে (০) ও লাসিথ মালিঙ্গা (১৫) ফিরে গেলে শ্রীলঙ্কার রান দেড় শ'র ঘরে পৌঁছাতে পারে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়।
কিন্তু সেই শঙ্কা দূর করেন সামারাবীরা ও অজন্তা মেন্ডিস। দলের সঙ্গে যোগ করেন তারা ১১৮ রান।
ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা ও বীরেন্দর শেবাগ। এজন্য ওঝা খরচ করেছেন ৮৯ রান। শেবাগ দেন ৫১। অমিত মিশ্র ৪৭।
তিন টেস্টের সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে আছে ১-০ তে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৯ ঘ.
bdnews24