ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ডের চূড়ায় বসে থাকা শচীন টেন্ডুলকার মঙ্গলবার আরো একটি রেকর্ড নিজের করে নিচ্ছেন। মঙ্গলবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুরু হচ্ছে শ্রীলঙ্কা - ভারত তৃতীয় ও শেষ টেস্ট। আর এটাই হতে যাচ্ছে ভারতীয় ব্যাটিং কিংবদন্তী শচীনের টেস্ট জীবনের ১৬৯ নম্বর ম্যাচ। এর মাধ্যমেই সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডেরও মালিক হচ্ছেন তিনি।
এর আগে ১৬৮ টেস্ট খেলে তিনি এবং সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহ যৌথভাবে এই রেকর্ড ধরে রেখেছিলেন।
এমন একটি রেকর্ডের সামনে দাঁড়িয়েও তেমন উচ্ছ্বাস নেই ব্যাটিং মাস্টারের। তিনি বলেছেন, ''ক্রিকেট আমার অস্থি-মজ্জায় ঢুকে গেছে। খেলাটা আমি এখনো উপভোগ করি। ক্রিকেট নিয়ে আমার স্বপ্নের শেষ নেই। আজও প্রথম টেস্ট খেলার মতো শিহরণ অনুভব করি প্রতিটি ম্যাচে।''
১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল শচীনের। তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। এখন শচীনের দখলে সবচেয়ে বেশি টেস্ট (১৩,৭৪২) এবং ওয়ানডে রান (১৭,৫৯৮)। একই সঙ্গে টেস্টে সর্বাধিক ৪৮ এবং ওয়ানডেতে ৪৬ সেঞ্চুরির মালিকও তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০০৭ ঘ.
bdnews24