২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরকে ছাড়াই খেলবে ভারত, অনিশ্চিত হরভজন

দীর্ঘ ১৭ বছর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ না জেতার অনাকাক্সিক্ষত রেকর্ডটি চলতি সফরেও মুছতে পারছে না ভারত। বরং তিন টেস্টের সিরিজ হারের শঙ্কায় তারা। দুই টেস্ট শেষে শ্রীলঙ্কা এগিয়ে ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 05:23 PM

কলম্বো, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ ১৭ বছর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ না জেতার অনাকাক্সিক্ষত রেকর্ডটি চলতি সফরেও মুছতে পারছে না ভারত। বরং তিন টেস্টের সিরিজ হারের শঙ্কায় তারা। দুই টেস্ট শেষে শ্রীলঙ্কা এগিয়ে ১-০ ব্যবধানে। মঙ্গলবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুরু হচ্ছে দু'দলের তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজ ড্র করতে হলেও ভারতের জয় ছাড়া উপায় নেই। ওদিকে ম্যাচ ড্র হলেও সিরিজ জিতবে শ্রীলঙ্কা। এমন ম্যাচে দল গড়া নিয়ে ভারত পড়েছে সমস্যায়। চোটের কারণে এ টেস্টেও খেলা হচ্ছে না উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীরের। ফলে মুরালি বিজয়ই সঙ্গী হবেন বীরেন্দর শেবাগের। দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলেননি যুবরাজ সিংও। তার জায়গা নিয়েছিলেন সুরেশ রায়না। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিষেক টেস্টেই শতক হাকান রায়না। এদিকে সুস্থ এবং ফিট হয়ে গেছেন যুবরাজও। ফলে কাকে খেলানো হবে সেটা নিয়ে দোটানায় ভারতীয় শিবির। জানা গেছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভোট দিতে চান রায়নাকেই। তবে শেষ মুহূর্তে ছক বদলে খেলতে পারেন যুবরাজও। ম্যাচের দিন সকালে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বোলিং নিয়েও সমস্যায় ভারত। চোটে পড়েছেন এক নম্বর স্পিনার হরভজন সিং। একই সঙ্গে তার ফর্ম নিয়েও ভাবনায় রয়েছে দল পরিচালকরা। যদি হরভজন না খেলেন, তাহলে ভারত তিন পেসার এবং এক স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সে ক্ষেত্রে স্পিনারের লড়াই হবে প্রজ্ঞান ওঝা এবং লেগ স্পিনার অমিত মিশ্রোর মধ্যে। তিন পেসার খেললে ইশান্ত শর্মা এবং অভিমন্যু মিথুনের সঙ্গে খেলবেন মুনাফ প্যাটেলও। ধোনি জানিয়েছেন সিরিজ বাঁচানোর জন্য তারা শুরু থেকেই ঝাঁপাবেন। শ্রীলঙ্কানরা সে তুলনায় অনেক নির্ভার। বরং সুখবর আছে তাদের জন্য। চোটের জন্য দ্বিতীয় টেস্ট না খেলা পেসার লাসিথ মালিঙ্গা খেলতে পারেন এ ম্যাচে। সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তবে ম্যাচের দিন সকালে তারও ফিটনেস পরীক্ষা হবে। মালিঙ্গা খেললে বাদ পড়তে পারেন পেসার দিলহারা ফার্নান্দো। তবে মালিঙ্গার সঙ্গে জুটি হিসেবে চানাকা উইলিগেদেরা খেললে বাদ পড়বেন দ্বিতীয় টেস্ট খেলা ধাম্মিকা প্রসাদও। এ ছাড়া লঙ্কান দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, এ টেস্টে রান পেতে ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে। পিচ নিয়ে পি সারার কিউরেটার বলেছেন এতে ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্যই সুযোগ থাকছে। পিচে বাউন্সের পাশাপাশি তৃতীয় দিন থেকে ঘূর্ণিও থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯১০ ঘ.