চন্ডিগড়, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার মুত্তিয়া মুরালিধরনের প্রশংসায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি মুরালিধরনের ৮০০ টেস্ট উইকেট নেয়াকে অতুলনীয় ও অবিশ্বাস্য বলে অভিহিত করেন।
গত সপ্তাহে ভারতের বিপক্ষে গলে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান এই স্পিন জাদুকর। ইতি টানেন ১৮ বছরের টেস্ট জীবনের।
মুরালিধরনের বিরুদ্ধে বল নিক্ষেপের অভিযোগ নিয়ে স্টিভ ওয়াহ বলেন, ''এটা কয়েকজন আম্পায়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে উপমহাদেশবিরোধী কিংবা বর্ণবাদের কোনো গন্ধ নেই। সবচেয়ে বড় কথা, এসব সামলে মুরালি তার সেরাটা উজাড় করে দিয়ে গেছেন। কিছু লোক তো অন্য ধরনের কথা বলবেই। তাতে মুরালির সাফল্য মোটেও খাটো হবে না।''
বিশ্ব ক্রিকেটে মুরালিধরনের মতো স্পিনার সহসাই আসবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে সাবেক অসি অধিনায়কের। এমনকি, আরো অনেকের মতো তারও ধারণা মুরালির রেকর্ড ভাঙা সম্ভব নয়।
অস্ট্রেলিয়ার দুই আম্পায়ার ড্যারেল হেয়ার এবং রস এমারসন বল নিক্ষেপের জন্য মুরালিধরনকে দায়ী করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৬ ঘ.
bdnews24